• হোম > বাংলাদেশ > সেনা, নৌ ও বিমান বাহিনীর নতুন বেতন কাঠামো প্রণয়নে কমিটি গঠিত

সেনা, নৌ ও বিমান বাহিনীর নতুন বেতন কাঠামো প্রণয়নে কমিটি গঠিত

  • রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ১৬:৩২
  • ১২৬

---

সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নে ‘সশস্ত্র বাহিনী বেতন কমিটি, ২০২৫’ গঠন করেছে সরকার। সম্প্রতি সশস্ত্র বাহিনী বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়, যাতে সই করেন বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান।

নয় সদস্যের এই কমিটির নেতৃত্বে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমান। ব্রিগেডিয়ার জেনারেল নিশাদুল ইসলাম খান সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির অন্য সদস্যরা হলেন—

  • মেজর জেনারেল মো. নাসিম পারভেজ

  • রিয়ার অ্যাডমিরাল মো. জহির উদ্দিন

  • এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ

  • ব্রিগেডিয়ার জেনারেল অং চ ছা মং

  • এয়ার কমডোর জামিল উদ্দিন আহম্মদ

  • প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিলিয়া শারমিন

  • ক্যাপ্টেন মো. তৌহিদ সাগর

প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটিকে আগামী ৩১ অক্টোবরের মধ্যে সুপারিশ জমা দিতে হবে। সুপারিশে বেতন-ভাতা, অবসর সুবিধা, পারিবারিক পেনশন, বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াত ও উৎসব ভাতা যৌক্তিকীকরণসহ বিভিন্ন আর্থিক সুবিধার বিষয় অন্তর্ভুক্ত থাকবে। একই সঙ্গে বেতনক্রমের অসঙ্গতি দূরীকরণ এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের বিশেষ দায়িত্বের বিষয়ও বিবেচনায় নিতে বলা হয়েছে।

কমিটি প্রয়োজনে সেনা, নৌ ও বিমান বাহিনীর জন্য পৃথক সাব-কমিটি গঠন করতে পারবে এবং প্রয়োজন অনুযায়ী অন্যান্য সংস্থা বা ব্যক্তির সহযোগিতা গ্রহণ করতে পারবে।

উল্লেখ্য, গত ২৪ জুলাই অন্তর্বর্তী সরকার সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নে পে কমিশন গঠন করে। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4103 ,   Print Date & Time: Thursday, 5 February 2026, 01:18:30 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh