• হোম > বাংলাদেশ > সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে ইসিতে শুনানি শুরু

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে ইসিতে শুনানি শুরু

  • রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ১৬:০১
  • ৮৪

---

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন পুনর্নির্ধারণের খসড়া নিয়ে দাবি-আপত্তির শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২৪ আগস্ট) দুপুর ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ শুনানি শুরু হয়। এতে অন্য কমিশনার ও ইসি সচিবও উপস্থিত ছিলেন।

শুনানির শুরুতে সিইসি বলেন, “আমরা পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছি। আইন অনুযায়ী খসড়া সীমানা নিয়ে দাবি-আপত্তির সুযোগ দেওয়া হয়েছে। আপনাদের আবেদনগুলো আমরা বিবেচনায় নিয়েছি। এখন শুনানিতে যৌক্তিক বিষয়গুলো তুলে ধরবেন।”

প্রথম দিনে কুমিল্লা অঞ্চলের শুনানি গ্রহণ করা হচ্ছে। ইসির ঘোষিত সূচি অনুযায়ী, রোববার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া-২, ৩ ও ৫ আসন; দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত কুমিল্লা-৬, ৯, ১০ ও ১১ আসন এবং বিকেল সাড়ে তিনটা থেকে ৫টা পর্যন্ত নোয়াখালী-১, ২, ৪ ও ৫, চাঁদপুর-২ ও ৩, ফেনী-৩ ও লক্ষ্মীপুর-২ ও ৩ আসনের শুনানি অনুষ্ঠিত হবে।

পরবর্তী সূচি

  • ২৫ আগস্ট: খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চল

  • ২৬ আগস্ট: ঢাকা অঞ্চল

  • ২৭ আগস্ট: রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ফরিদপুর ও সিলেট অঞ্চল

গত ১০ আগস্ট পর্যন্ত মোট ৮৩টি আসন ঘিরে ১ হাজার ৭৬০টি দাবি-আপত্তি ইসিতে জমা পড়েছে। শুনানি শেষে আইন শাখার মাধ্যমে রায় জানানো হবে এবং পরবর্তীতে কমিশন চূড়ান্ত সীমানা প্রকাশ করবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4099 ,   Print Date & Time: Wednesday, 4 February 2026, 10:35:39 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh