![]()
পাবনা সদর উপজেলার ইসলামপুর ব্রিজের সামনে শনিবার রাত ১০টার দিকে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন যুবদল নেতা পাভেল। এছাড়া, হামলায় গুরুতর আহত হয়েছেন তার সহযোগী ইমরান। ঘটনাটি ঘটেছে মাদক ব্যবসা এবং পূর্ব বিরোধের জেরে। স্থানীয়দের বরাতে জানা যায়, প্রতিপক্ষের জনি, জুয়েল, নজরুল, মফিজ উদ্দিন, ময়েজ উদ্দিন প্রামানিক, তৌফিক উদ্দিন, আশরাফ আলী, লিয়াকত ও দুলালদের সঙ্গে পাভেলদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
শনিবার রাতে ইসলামপুর ব্রিজের কাছে কথাকাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন পাভেল ও ইমরানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। আশপাশের স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পাভেলকে মৃত ঘোষণা করেন। পরে ইমরানকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানিয়েছেন, পূর্ব বিরোধের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তিনি বলেন, “এই ঘটনায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
এ ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে এবং দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারের কাজ চলছে।