• হোম > দেশজুড়ে | সিলেট > সাদাপাথরকে সিসিটিভির আওতায় আনার ঘোষণা

সাদাপাথরকে সিসিটিভির আওতায় আনার ঘোষণা

  • শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ২২:১৬
  • ১১৫

---

সিলেটের ভোলাগঞ্জে সাদাপাথর পর্যটন কেন্দ্রকে ২৪ ঘণ্টা সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেছুর রহমান। তিনি শুক্রবার (২২ আগস্ট) সকালে সাদাপাথর এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন।

ড. মোখলেছুর রহমান বলেন, “লুটের ঘটনায় প্রশাসনের বড় কোনো কর্মকর্তা কিংবা রাজনৈতিক দলের নেতাই জড়িত থাকুক, কাউকেই আইনের বাইরে রাখা হবে না।” তিনি আরও জানান, সাদাপাথর পর্যটন কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে এটি ২৪ ঘণ্টা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে, যাতে ভবিষ্যতে কেউ পাথর উত্তোলনের সাহস না পায়।

এসময় তার সঙ্গে ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সিলেটের নতুন জেলা প্রশাসক সারওয়ার আলম, পুলিশ সুপারসহ প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

এদিকে, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, লুট হওয়া পাথর ফিরিয়ে আনার কাজ চলছে, তবে হয়তো আগের মতো পুরো প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনা সম্ভব হবে না। তিনি আশ্বস্ত করেন যে, সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে যেন এই পরিবেশের পুনঃপ্রতিষ্ঠান ঘটানো যায়।

জেলা প্রশাসক সারওয়ার আলম বলেন, “সাদাপাথরসহ সব পর্যটনকেন্দ্রের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় প্রশাসন সর্বোচ্চ ব্যবস্থা নেবে।” তিনি আরও বলেন, “সাদাপাথর লুট শুধু লুট নয়, এটি হরিলুট। এ ঘটনায় যারাই জড়িত, সে যত বড় দলের কিংবা প্রশাসনেরই হোক, কাউকেই আইনের বাইরে রাখা হবে না।”

এছাড়া, সাদাপাথরসহ অন্যান্য পর্যটনকেন্দ্রকে ঘিরে বিশেষ প্যাকেজ কর্মসূচি নেওয়ার পরিকল্পনাও রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে সাদাপাথর লুটের ঘটনায় একটি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4067 ,   Print Date & Time: Wednesday, 4 February 2026, 04:33:05 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh