• হোম > বাংলাদেশ > শিল্প উপদেষ্টার সঙ্গে বৈঠকে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

শিল্প উপদেষ্টার সঙ্গে বৈঠকে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

  • বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ১৬:৫৮
  • ৭২

---

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের সঙ্গে আজ বৃহস্পতিবার পাকিস্তানের সফরকারী বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের শিল্প উন্নয়ন ও পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা বৃদ্ধির ওপর আলোচনা হয়।

শিল্প উপদেষ্টা পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করতে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে। তিনি বাংলাদেশের চিনিশিল্প, চামড়াশিল্প, সিমেন্ট, জাহাজ নির্মাণ ও কৃষি খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও পাকিস্তানের হালাল অথরিটির মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে আলোচনা হয়। এছাড়া বাংলাদেশ ও পাকিস্তানের চিনিশিল্প উন্নয়নে ইতোমধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্তের বিষয়েও অবহিত করা হয়।

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান বলেন, শিল্প উন্নয়ন, কৃষি ও খাদ্য নিরাপত্তা, বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতায় পাকিস্তানের আগ্রহ রয়েছে।

বৈঠকে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন ঢাকায় নবনিযুক্ত হাইকমিশনার ইমরান হায়দার। শিল্প সচিব মো. ওবায়দুর রহমান ও বিএসটিআইয়ের মহাপরিচালক এস এম ফেরদৌস আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/4027 ,   Print Date & Time: Thursday, 5 February 2026, 03:46:58 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh