
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার জানিয়েছেন, ষষ্ঠ নিয়োগ সুপারিশ কার্যক্রমের আওতায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৪১ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছে।
মঙ্গলবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) আয়োজিত ষষ্ঠ নিয়োগ সুপারিশ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, সারাদেশে ১ লাখ ৮২২টি শূন্যপদের বিপরীতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ৪১ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছে। এই পুরো প্রক্রিয়াটি ই-রেজিস্ট্রেশন থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠানের চাহিদা প্রদান এবং যোগ্যতা যাচাই পর্যন্ত সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থায় সম্পন্ন হয়েছে, যা নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করেছে।
তিনি আরও জানান, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ১৮ লাখ ৬৫ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছিলেন। বহুস্তরীয় পরীক্ষার পর মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন ৬০ হাজার ৬৩৪ জন প্রার্থী। তাদের মধ্য থেকেই নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
শিক্ষা উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন, এই স্বচ্ছ ও ডিজিটাল নিয়োগ প্রক্রিয়া আগামী প্রজন্মের জন্য যোগ্য ও দক্ষ শিক্ষক তৈরি করতে সহায়ক হবে।