• হোম > বাংলাদেশ > সাবেক সামরিক সচিব মিয়াজীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি

সাবেক সামরিক সচিব মিয়াজীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি

  • মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ১৮:৫২
  • ১০৪

---

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব ও ঝিনাইদাহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) মো. সালাহ উদ্দিন মিয়াজী, তার স্ত্রী নাজমা বেগম এবং দুই মেয়ে সামিহা শবনম ও রাইয়া শবনম মিয়াজীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক আকতারুল ইসলাম।

দুদকের আবেদনে বলা হয়, মিয়াজীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে ভূমিহীন ও সাধারণ মানুষের জমি দখল করে যশোরের চাঁচরা ইউনিয়নে ৪০০ বিঘা জমির ওপর পার্ক নির্মাণ এবং দেশের বিভিন্ন স্থানে শত শত বিঘা জমি দখলের অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত বিপুল সম্পদ অর্জনের অভিযোগও অনুসন্ধানাধীন।

অনুসন্ধানকালে দুদকের কাছে তথ্য আসে যে, অভিযুক্ত মিয়াজী ও তার পরিবারের সদস্যরা দেশ ত্যাগের চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা থাকায় অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আদালতের কাছে দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/3969 ,   Print Date & Time: Monday, 28 September 2026, 06:52:29 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh