• হোম > দেশজুড়ে > সাভার ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা

সাভার ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা

  • সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ১১:৩৩
  • ১৮১

---

বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২–এর বিধি ৫ অনুযায়ী ঢাকা জেলার অন্তর্গত সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করেছে সরকার। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান এনডিসি স্বাক্ষরিত এক পরিপত্রে রোববার (১৭ আগস্ট) এ ঘোষণা জারি করা হয়।

এই ঘোষণার ফলে আগামী সেপ্টেম্বর থেকে সাভারে টানেল ও হাইব্রিড হফম্যান কিলন ব্যতীত অন্য কোনো ইটভাটায় ইট পোড়ানো বা ইট প্রস্তুতের কার্যক্রম চালানো যাবে না। পাশাপাশি উন্মুক্ত স্থানে কঠিন বর্জ্য পোড়ানো, নতুন বায়ুদূষণ সৃষ্টিকারী শিল্পকারখানা স্থাপন, অবস্থানগত ও পরিবেশগত ছাড়পত্র প্রদানসহ কর্মপরিকল্পনায় উল্লিখিত অন্যান্য কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের সার্বক্ষণিক বায়ুমান পরিবীক্ষণ কেন্দ্রের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সাভারের বায়ুর বার্ষিক মানমাত্রা জাতীয় মানদণ্ডের প্রায় তিন গুণ ছাড়িয়েছে। এ কারণে এলাকাবাসীর স্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। বিশেষ করে শুষ্ক মৌসুমে পাঁচ মাস ধরে উত্তর–পশ্চিম ও উত্তর–পূর্ব দিক থেকে প্রবাহিত বায়ু সাভারের দূষণকে রাজধানী ঢাকায় নিয়ে আসে, যা ঘনবসতিপূর্ণ জনগোষ্ঠীর জন্য ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদে এ ধরনের দূষণ শ্বাসকষ্ট, হৃদরোগ, ফুসফুসের সংক্রমণ এবং শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি আরও বাড়িয়ে তুলতে পারে। সাভার ও ঢাকাবাসীর সুস্থ জীবনযাপন নিশ্চিত করতে হলে বায়ুদূষণ নিয়ন্ত্রণের এই পদক্ষেপ কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে।

সরকার আশা করছে, এ ঘোষণার মাধ্যমে সাভার ও ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন আসবে। পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষিত হবে এবং দূষণ কমার মাধ্যমে পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/3885 ,   Print Date & Time: Thursday, 1 October 2026, 02:47:25 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh