• হোম > রাজনীতি > আগামী ফেব্রুয়ারি মাসেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে

আগামী ফেব্রুয়ারি মাসেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে

  • শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ০৯:২৩
  • ৬০

 

---

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সরকার প্রধানের ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ শুক্রবার (১৬ আগস্ট) মাগুরা শহরের ঢাকা রোড এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মৃতিস্তম্ভ পরিদর্শন এবং ছাত্রদল নেতা শহীদ মেহেদী হাসান রাব্বির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

শফিকুল আলম বলেন, ‘ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো সন্দেহ নেই। নির্বাচন কমিশন ইতোমধ্যে কাজ শুরু করেছে। যারা সন্দেহের বীজ বপন করছেন, তাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’

তিনি আরও বলেন, সরকার ইতোমধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করেছে। বর্ষা শেষে মানুষের মাঝে নির্বাচনী আমেজ তৈরি হবে, যা এক ধরনের আনন্দ ও উৎসবের পরিবেশ সৃষ্টি করবে। ‘নতুন বাংলাদেশ গড়ে উঠেছে এসব আত্মত্যাগের মাধ্যমে। তফসিল ঘোষণার পর প্রার্থীরা মানুষের কাছে যাবেন, কথা বলবেন। তখনই মানুষের মনে সত্যিকারের নির্বাচনী উৎসাহ তৈরি হবে। এতে সব সন্দেহ দূর হয়ে যাবে।’

প্রেস সচিব জানান, নির্বাচন কমিশন ফেব্রুয়ারির নির্ধারিত সময় ধরে প্রস্তুতি নিচ্ছে এবং সরকার সুষ্ঠু নির্বাচন আয়োজনের সব ধরনের প্রস্তুতি নিয়েছে।

পরে তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহত ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বি ও হক আল আমীনের কবরেও শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি বলেন, ‘আমি ছুটি পেয়ে এসেছি, পর্যায়ক্রমে আরও আট শহীদের কবর জিয়ারত করব। নতুন বাংলাদেশ গঠনে এসব শহীদের অবদান অনস্বীকার্য, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা বদ্ধপরিকর।’


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/3819 ,   Print Date & Time: Thursday, 5 February 2026, 02:57:41 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh