• হোম > অর্থনীতি > প্রথম ১০ দিনে অনলাইনে প্রায় ১ লাখ আয়কর রিটার্ন

প্রথম ১০ দিনে অনলাইনে প্রায় ১ লাখ আয়কর রিটার্ন

  • বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ১২:৫৬
  • ১১৮

---

২০২৫-২৬ কর বছরে ই-রিটার্ন দাখিলের গতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, কর বছরের প্রথম ১০ দিনে অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন ৯৬ হাজার ৯৪৫ জন করদাতা।

৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ই-রিটার্ন কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর থেকে ১৩ আগস্ট পর্যন্ত জমা পড়েছে প্রায় এক লাখ রিটার্ন।

অনলাইনে রিটার্ন বাধ্যতামূলক কারা

৩ আগস্টের বিশেষ আদেশে এনবিআর জানায়, ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ, শারীরিকভাবে অসমর্থ, বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং মৃত করদাতার আইনগত প্রতিনিধি ছাড়া অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক।
১১ আগস্টের সংশোধিত আদেশে বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদেরও এ বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়।


সহজ পেমেন্ট ও সাপোর্ট সেবা

করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট বা ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মোবাইল ফাইন্যানশিয়াল সেবার মাধ্যমে কর পরিশোধ করতে পারছেন। রিটার্ন জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই তারা প্রাপ্তির রশিদ ও কর সনদ প্রিন্ট করতে পারছেন।

ই-রিটার্ন সহায়তার জন্য এনবিআর চালু করেছে কল সেন্টার ০৯৬৪৩-৭১ ৭১ ৭১ এবং অনলাইন প্ল্যাটফর্ম www.etaxnbr.gov.bd-এর eTax Service অপশন।

এনবিআরের আহ্বান

প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় সঠিকভাবে উল্লেখ করে নির্ধারিত সময়ে রিটার্ন দাখিলের জন্য করদাতাদের প্রতি আহ্বান জানিয়েছে এনবিআর।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/3762 ,   Print Date & Time: Sunday, 16 August 2026, 12:35:53 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh