• হোম > বিদেশ > মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ‘গ্র্যাজুয়েট প্লাস’ ভিসা

মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ‘গ্র্যাজুয়েট প্লাস’ ভিসা

  • বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ১২:৫২
  • ১০১

---

মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ‘গ্র্যাজুয়েট প্লাস’ ভিসা চালুর সম্ভাবনা তৈরি হয়েছে। এই ভিসা কার্যকর হলে হাজারো তরুণের জন্য মালয়েশিয়ার ক্রমবর্ধমান অর্থনীতিতে উচ্চ দক্ষতার চাকরির সুযোগ উন্মুক্ত হবে।

বুধবার (১৩ আগস্ট) কুয়ালালামপুরে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি (ইউকেএম)-তে দেশটির উচ্চশিক্ষামন্ত্রী জাম্ব্রি আবদুল কাদিরের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব উত্থাপন করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে আইন, বিচার, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ড. আসিফ নজরুল জানান, ফলপ্রসূ আলোচনার পর নীতিগতভাবে মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী এই ভিসা চালুর বিষয়ে সম্মতি দিয়েছেন। তবে কার্যকর করতে হলে দুই দেশের মধ্যে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। বর্তমানে মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রায় ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। এতদিন তারা মালয়েশিয়ার শ্রমবাজারে সরাসরি প্রবেশাধিকার থেকে বঞ্চিত ছিলেন, যেখানে অন্যান্য দেশের শিক্ষার্থীরা এ সুবিধা পেয়ে আসছেন।

এর আগে, কুয়ালালামপুরে এক হোটেলে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ফাদলিনা বিনতি সিদেকের সঙ্গে বৈঠক করেন অধ্যাপক ইউনূস। আলোচনায় দুই দেশের মধ্যে শিক্ষাবিষয়ক সহযোগিতা বৃদ্ধির নানা দিক উঠে আসে। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি বৃদ্ধি, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় কর্মসূচি সম্প্রসারণ এবং মালয়েশিয়ায় বাংলাদেশের ডিগ্রির আনুষ্ঠানিক স্বীকৃতির মতো গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়।

বৈঠকে মালয়েশিয়ার মন্ত্রীরা অধ্যাপক ইউনূসের ‘তিন শূন্য’ (দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামানো) প্রচারণায় আগ্রহ প্রকাশ করেন। বৈশ্বিক দারিদ্র্যমুক্ত ও টেকসই সভ্যতা গড়ে তোলার জন্য বিশ্বনেতাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

শিক্ষা সম্পর্ক জোরদারের অংশ হিসেবে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি-সংশ্লিষ্ট জ্যেষ্ঠ সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

এই সম্ভাব্য উদ্যোগ বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের জন্য শুধু অর্থনৈতিক সুযোগই নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের নতুন দ্বার খুলে দিতে পারে বলে আশা করা হচ্ছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/3720 ,   Print Date & Time: Wednesday, 4 February 2026, 08:36:50 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh