• হোম > বাংলাদেশ > রাজধানীতে ‘ধাক্কামারা’ চক্রের দুই নারী সদস্য গ্রেফতার

রাজধানীতে ‘ধাক্কামারা’ চক্রের দুই নারী সদস্য গ্রেফতার

  • রবিবার, ১০ আগস্ট ২০২৫, ১১:৩৯
  • ১৪৭

---

ঢাকার বসুন্ধরা সিটি শপিং মলে অভিযান চালিয়ে ধাক্কামারা চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ। গত শুক্রবার বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—জুথী আক্তার শ্রাবন্তী ওরফে যুথী আক্তার জ্যোতি ওরফে লিমা আক্তার (২২) এবং শাহনাজ বেগম (৪২)। রবিবার ডিএমপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বসুন্ধরা সিটির সপ্তম তলার লিফটের সামনে কৌশলে এক নারীকে ধাক্কা মেরে তার ভ্যানিটি ব্যাগ থেকে ৪০ হাজার টাকা চুরি করে তারা। ভুক্তভোগী ও তার স্বামী চিৎকার করলে নিরাপত্তা কর্মীরা এগিয়ে এসে দুই নারীকে আটক করে। তবে তাদের সঙ্গে থাকা আরও দু’জন পালিয়ে যায়।

ঘটনাস্থলে উপস্থিত আরও দুই নারী জানান, তাদের কাছ থেকেও এক লাখ টাকা, ৪.৫ গ্রাম ওজনের একটি স্বর্ণের টিকলি (মূল্য প্রায় ৬৪,৫০০ টাকা) এবং ১০ হাজার টাকা চুরি হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা এসব চুরির কথা স্বীকার করে।

তেজগাঁও থানা পুলিশ ও নারী পুলিশের সহায়তায় আসামি যুথী আক্তারের ব্যাগ থেকে মোট এক লাখ ৫০ হাজার টাকা এবং স্বর্ণের টিকলি উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, যুথী আক্তার আন্তঃজেলা পকেটমার চক্রের নেতা এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে।

এ ঘটনায় তেজগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/3598 ,   Print Date & Time: Thursday, 8 October 2026, 11:44:38 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh