• হোম > বাংলাদেশ > নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি দিলেন প্রধান নির্বাচন কমিশনার

নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি দিলেন প্রধান নির্বাচন কমিশনার

  • শনিবার, ৯ আগস্ট ২০২৫, ১৪:২৪
  • ৭০

---

আগামী নির্বাচনে নিরপেক্ষভাবে কাজ করবে নির্বাচন কমিশন: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক পক্ষের পক্ষে বা বিপক্ষে কাজ করবে না; বরং দেশের ১৮ কোটি মানুষের স্বার্থে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে।

শনিবার সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে নির্বাচন-সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি বলেন, গত নির্বাচনে দায়িত্বে অবহেলা ও সমস্যা সৃষ্টিকারী প্রিজাইডিং কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জনগণের ভোটকেন্দ্রে উপস্থিতি কমে যাওয়া বড় চ্যালেঞ্জ উল্লেখ করে সিইসি বলেন, এ চ্যালেঞ্জ মোকাবিলায় আস্থা ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

তিনি জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো বেড়েছে, যা রোধে কমিশন কাজ করছে। নাগরিকদের উদ্দেশে তিনি বলেন, ভোট দেওয়া শুধু নাগরিক দায়িত্ব নয়, এটি ঈমানের দায়িত্বও।

সিইসি জানান, এখনই তফসিল ঘোষণা হবে না; তবে ঘোষণার অন্তত দুই মাস আগে তারিখ জানানো হবে। স্বল্প সময়ের মধ্যে নির্বাচন সফলভাবে আয়োজনের প্রস্তুতিও চলছে।

পরে সিইসি নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সভায় যোগ দেওয়ার কথা রয়েছে। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্বচ্ছ ও সুন্দরভাবে পরিচালনায় সর্বোচ্চ চেষ্টা করা হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/3568 ,   Print Date & Time: Wednesday, 4 February 2026, 06:48:49 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh