• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > বিমা খাতের অবস্থা ব্যাংক খাতের চেয়েও খারাপ: অর্থমন্ত্রী

বিমা খাতের অবস্থা ব্যাংক খাতের চেয়েও খারাপ: অর্থমন্ত্রী

  • শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৭:৪০
  • ১১

---

ইবি রিপোর্ট

দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে কাস্টমস ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কার্যক্রম নিয়ে অসন্তোষের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তাঁর ভাষ্য, দেশে-বিদেশে বিভিন্ন জায়গায় গেলেই এসব প্রতিষ্ঠান নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়। জাপান ও কোরিয়া সফরেও বারবার বিষয়টি সামনে এসেছে বলে জানান তিনি।

শনিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন অর্থমন্ত্রী। দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে লোকাল এলসির তথ্য আদান-প্রদান সহজ করতে নতুন প্ল্যাটফর্ম উদ্বোধন করা হয়। ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট-বার্তা’ নামের এই প্ল্যাটফর্মটি দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী লেনদেন নিশ্চিত করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমি কাস্টমসকে…এনবিআর ইজ বিকামিং অ্যান ইস্যু। যেখানে যাচ্ছি এনবিআর সম্বন্ধে…এই জাপানে যাচ্ছি, কোরিয়ায় যাচ্ছি, এনবিআরের ব্যাপারটা তারা বারবার সামনে নিয়ে আসছে।’

উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশে তিনি নীতিনির্ধারণে পরামর্শ গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রাখার কথা জানান। ব্যবসায়ীদের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সুতরাং এখানে আমি আপনাদের অনুরোধ করব, শুধু এনবিআর না, সবকিছুর বিষয়ে কনসালটেন্সির প্রসেসটা আমরা অব্যাহত রাখতে চাই। আর আমরা না রাখলেও আই ওয়ান্ট ইয়োর (ব্যবসায়ী স্টেকহোল্ডার) রেসপন্স, প্লিজ।’

সংস্কার বাস্তবায়নে ব্যবসায়ীদের সক্রিয় ভূমিকার প্রয়োজনীয়তাও তুলে ধরেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘আমি আগেও বলেছি, সাহস করে কিছু কথা বলতে হবে তো। মানে রিফর্ম—গভর্নমেন্ট যতই অ্যাগ্রেসিভ হোক রিফর্ম নিয়ে, যতই প্রোঅ্যাকটিভ হোক, ইট উইল নট হ্যাপেন আনলেস স্টেকহোল্ডারস কাম ফরোয়ার্ড। আমি সবাইকে অনুরোধ করছি, প্লিজ, কাম ফরোয়ার্ড। উই আর রেডি টু গো। আমরা পেইনফুল ডিসিশন নিতে প্রস্তুত আছি।’

দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও মানুষের কল্যাণে প্রয়োজন হলে কঠিন সিদ্ধান্ত নেওয়া সরকারের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

বিমা খাতের অবস্থা ব্যাংক খাতের চেয়েও খারাপ

অর্থমন্ত্রী বলেন, বিমা খাতের পরিস্থিতি পর্যালোচনা করতে গিয়ে তিনি ব্যাংক খাতের চেয়েও খারাপ অবস্থা পেয়েছেন। তাঁর অভিযোগ, অনেক বিমা কোম্পানি গ্রাহকদের বিমা দাবি পরিশোধ করছে না। অথচ প্রতিষ্ঠানগুলো নিজেদের সম্পত্তি কেনা এবং বিভিন্ন ব্যক্তিগত বিনিয়োগে অর্থ ব্যয় করছে।

তিনি বলেন, বিমার অর্থের অপব্যবহারও হচ্ছে। এ খাতে সংস্কারের উদ্যোগ নেওয়ার পর প্রভাবশালী ব্যক্তিরা বাধা দেওয়ার চেষ্টা করছেন। দীর্ঘদিন ধরে সুবিধা ভোগ করায় পরিবর্তনের বিরোধিতা করছেন তাঁরা বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী।

ব্যবসার ব্যয় কমাতে প্রতিটি লেনদেন তাৎক্ষণিক করার ওপর জোর দেন তিনি। তাঁর মতে, তথ্যব্যবস্থার আন্তঃসংযোগ, নিবিড় তদারকি ও স্বচ্ছতা নিশ্চিত হলে সময় এবং খরচ দুটোই কমবে।

পুঁজিবাজারের লেনদেনেও একই ধরনের প্রযুক্তিগত সংযোগ স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানান আমির খসরু। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, তালিকাভুক্ত কোম্পানি এবং ব্রোকারেজ হাউসের তথ্যব্যবস্থা যুক্ত করা হবে।

এতে নিয়ন্ত্রক সংস্থাগুলো পুরো লেনদেনপ্রক্রিয়া পর্যবেক্ষণ করতে পারবে। ব্রোকারদের কারসাজি, যোগসাজশ ও গোপন লেনদেনের সুযোগ বন্ধ হবে বলে জানান তিনি। চট্টগ্রাম বন্দরেও একই ধরনের ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বলেন, নতুন ‘বার্তা’ প্ল্যাটফর্মটি উচ্চমাত্রার সাইবার নিরাপত্তা নিশ্চিত করে তৈরি হয়েছে। চালুর আগে এর নিরাপত্তা ও কার্যকারিতা বিভিন্নভাবে পরীক্ষা করা হয়েছে। ব্যবসায়ী ও ব্যাংকারদের এটি ব্যবহারের আহ্বান জানান তিনি।

গভর্নর বলেন, ঋণপত্র খোলা, অর্থায়ন ও লেনদেনের খরচ কমানো কেন্দ্রীয় ব্যাংকের অগ্রাধিকার। এসব উদ্যোগের লক্ষ্য সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য ও সেবা পৌঁছে দেওয়া।

অর্থায়নের ব্যয় কমাতে নীতি সুদহার আরও কমানোর সম্ভাবনার কথাও জানান তিনি। ইতোমধ্যে নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশীয় পয়েন্ট কমানো হয়েছে। মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় ভবিষ্যতে আরও কমানোর বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলে জানান গভর্নর।

এক মাসের মধ্যে বৈদেশিক মুদ্রার স্বয়ংক্রিয় নিলাম

বৈদেশিক মুদ্রার বাজারে কারসাজি বন্ধে স্বয়ংক্রিয় নিলামব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী এক মাসের মধ্যে এই ব্যবস্থা চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন গভর্নর।

তিনি বলেন, সফটওয়্যারের মাধ্যমে বৈদেশিক মুদ্রার লেনদেনপ্রক্রিয়া স্বয়ংক্রিয় করা হচ্ছে। এতে ক্রেতা ও বিক্রেতার পরিচয় গোপন থাকবে। ফলে বাজারে কারসাজির সুযোগ কমবে এবং প্রকৃত বাজারদর নির্ধারণ সহজ হবে বলে আশা করছেন তাঁরা।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, ফুটওয়্যার, লেদারগুডস অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুণ ও রশীদ।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/24409 ,   Print Date & Time: Saturday, 28 November 2026, 12:12:54 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh