• হোম > জাতীয় | সারাদেশ | স্বাস্থ্য > হামে ২৪ ঘণ্টায় ১ হাজার ১৫ জন শনাক্ত, মৃত্যু আট

হামে ২৪ ঘণ্টায় ১ হাজার ১৫ জন শনাক্ত, মৃত্যু আট

  • শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৭:২১
  • ৬

---

ইবি রিপোর্ট

দেশে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে, বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাও। সর্বশেষ ২৪ ঘণ্টায় হামজনিত উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন আরও আটজন। একই সময়ে সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ১৫ জন।

শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে গত ১৫ মার্চ থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সংক্রমণের সামগ্রিক চিত্র তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এ সময়ে দেশে মোট ২ লাখ ৬৩ হাজার ৭৬৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে ২৬ হাজার ৬০৮ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত হয়েছে।

একই সময়ে সন্দেহজনক হাম রোগে মোট ১ হাজার ২৮০ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৩৯১ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ২৭ হাজার ৩১৪ জন।

এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টার সংক্রমণের হিসাবেও নতুন রোগী শনাক্তের তথ্য পাওয়া গেছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ৯৬১ জন।

একই সময়ে পরীক্ষায় আরও ৫৪ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। সব মিলিয়ে ওই ২৪ ঘণ্টায় সন্দেহজনক ও নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ওই ২৪ ঘণ্টায় হামজনিত উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে শনিবার সকাল পর্যন্ত সন্দেহজনক ও নিশ্চিত হামসংক্রান্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৮০ এবং ১০৫ জন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/24405 ,   Print Date & Time: Saturday, 28 November 2026, 11:50:49 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh