• হোম > জাতীয় | রাজনীতি | সারাদেশ > পুরোনো অডিও প্রচার নিয়ে রাশেদ খানের কটাক্ষ

পুরোনো অডিও প্রচার নিয়ে রাশেদ খানের কটাক্ষ

  • শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৬:৪৬
  • ৭

---

ইবি রিপোর্ট

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে মৃত্যুর গুঞ্জন ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এমন পরিস্থিতিতে তাঁর সুস্থতার প্রমাণ হিসেবে আওয়ামী লীগের অফিশিয়াল পেজে একটি অডিও প্রকাশ করা হয়েছে। তবে প্রচারিত অডিওটি এক বছরের পুরোনো বলে জানিয়েছেন মো. রাশেদ খাঁন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) নিজের ফেসবুক পেজে তিনি একটি ফ্যাক্টচেক প্রতিবেদন শেয়ার করেন। প্রতিবেদনটি প্রকাশ করেছে দ্যা ডিসেন্ট।

সেখানে রাশেদ খাঁন অডিওটির সময়কাল নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি লিখেছেন, ‘যেহেতু ১ বছর আগের অডিও ব্যবহার করেছে, সেহেতু বুঝতে আর কারও কিছু বাকি থাকে? এখন একমাত্র উপায় ফেসবুক লাইভে এসে বলা …’

এদিকে শেখ হাসিনার শারীরিক অবস্থা নিয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন দাবি যাচাই করেছে দ্যা ডিসেন্ট। প্রতিষ্ঠানটি জানিয়েছে, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পলাতক শেখ হাসিনার দেশে ফেরার কথিত ঘোষণা ঘিরে আলোচনা চলছে। এসব আলোচনার মধ্যেই তাঁর শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন তথ্য ছড়ানো হচ্ছে।

তবে শেখ হাসিনার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হতে পারেনি দ্যা ডিসেন্ট। তাদের ফ্যাক্টচেক প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজে প্রচারিত অডিওটি পুরোনো। শেখ হাসিনার সুস্থতার প্রমাণ হিসেবে ব্যবহৃত অডিওটি অন্তত এক বছর আগেই অনলাইনে পাওয়া যাচ্ছিল।

অন্যদিকে আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানের উড়োজাহাজে দেশে ফেরার ইচ্ছা জানিয়েছেন শেখ হাসিনা। সম্প্রতি এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের কাছে দেশে ফেরার ব্যবস্থা চেয়েছেন তিনি।

শেখ হাসিনা রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে দেশে ফেরার অনুরোধ জানিয়েছেন। তাঁর মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন।

সৈয়দ মোজাম্মেল আলী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশি উড়োজাহাজে ভারতে গিয়েছিলেন। সেই কারণে দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

তবে শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে সরকারের অবস্থান অপরিবর্তিত রয়েছে। বাংলাদেশ সরকার জানিয়েছে, ভারত থেকে প্রত্যর্পণের মাধ্যমেই তাঁকে দেশে ফিরিয়ে আনা সম্ভব।

গত বছর বাংলাদেশের একটি আদালত শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। ছাত্রনেতৃত্বাধীন অভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে তাঁর অনুপস্থিতিতে রায়টি দেওয়া হয়।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বিষয়টি নিয়ে রয়টার্সের সঙ্গে কথা বলেছেন। তিনি শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেছেন।

হুমায়ুন কবির গণমাধ্যমকে বলেন, ‘হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত অপরাধী, একজন পলাতক সন্ত্রাসী। তিনি কেবল প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই দেশে ফিরতে পারেন, হাতে হাতকড়া পরা অবস্থায় এবং কঠোর নজরদারির অধীনে।’


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/24399 ,   Print Date & Time: Saturday, 28 November 2026, 11:06:33 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh