• হোম > দেশজুড়ে | ধর্ম > আল্লাহর কাছে মানুষ কেন সম্মানিত, জানুন ১০টি কারণ

আল্লাহর কাছে মানুষ কেন সম্মানিত, জানুন ১০টি কারণ

  • শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৭:৪৭
  • ৮

---

ইবি রিপোর্ট 

মানুষকে সৃষ্টিজগতের মধ্যে বিশেষ মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন মহান আল্লাহ তাআলা। শারীরিক গঠন থেকে শুরু করে জ্ঞান, বিবেক, বুদ্ধি, চিন্তাশক্তি ও ভাষার ব্যবহার—বিভিন্ন বৈশিষ্ট্যের মাধ্যমে মানুষকে অন্যান্য সৃষ্টির তুলনায় স্বতন্ত্র করেছেন তিনি। শুধু পার্থিব জীবন পরিচালনার উপকরণই নয়, সঠিক পথে চলার জন্য নবী-রাসুল ও আসমানি কিতাব পাঠিয়েও মানবজাতির প্রতি বিশেষ অনুগ্রহ করেছেন আল্লাহ।

পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে মানুষের এই সম্মান ও মর্যাদার কথা তুলে ধরা হয়েছে। সুরা আল-ইসরার ৭০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি, স্থলে ও সমুদ্রে তাদের চলাচলের বাহন দিয়েছি, তাদের উত্তম জীবিকা দান করেছি এবং আমার বহু সৃষ্টির ওপর তাদের শ্রেষ্ঠত্ব দিয়েছি।’

কোরআনের বিভিন্ন বর্ণনা ও ইসলামী শিক্ষার আলোকে মানুষের মর্যাদার উল্লেখযোগ্য ১০টি দিক হলো—

১. সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি

মানুষকে সুন্দর ও ভারসাম্যপূর্ণ শারীরিক গঠনে সৃষ্টি করেছেন আল্লাহ। শরীরের অঙ্গপ্রত্যঙ্গের পাশাপাশি চিন্তা, উপলব্ধি ও বিবেকের ক্ষমতাও দিয়েছেন। সুরা আত-তিনের ৪ নম্বর আয়াতে বলা হয়েছে, ‘নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম আকৃতিতে।’

২. রুহ সঞ্চার ও ফেরেশতাদের সিজদার নির্দেশ

আদম (আ.)-কে সৃষ্টির পর তাঁর মধ্যে রুহ সঞ্চার করেন আল্লাহ। এরপর ফেরেশতাদের তাঁর সামনে সিজদা করার নির্দেশ দেন। এটি ছিল আল্লাহর নির্দেশে আদম (আ.)-এর প্রতি সম্মান প্রদর্শন। সুরা আল-হিজরের ২৯ নম্বর আয়াতে এ ঘটনার বর্ণনা রয়েছে।

৩. জ্ঞান, বিবেক ও বুদ্ধির নিয়ামত

মানুষকে সত্য-মিথ্যা এবং ভালো-মন্দের পার্থক্য বোঝার ক্ষমতা দিয়েছেন আল্লাহ। আদম (আ.)-কে সব বস্তুর নাম শেখানোর মধ্য দিয়ে জ্ঞান দানের বিষয়টিও তুলে ধরা হয়েছে সুরা আল-বাকারার ৩১ নম্বর আয়াতে। এ ছাড়া মানুষের সামর্থ্য অনুযায়ী দায়িত্ব নির্ধারণের কথা বলা হয়েছে ২৮৬ নম্বর আয়াতে। হাদিসে অসুস্থতা বা মানসিক ভারসাম্যহীনতার কারণে দায়িত্ব পালনে অক্ষম ব্যক্তির বিষয়ে ছাড়ের কথাও এসেছে।

৪. মনের ভাব প্রকাশের ক্ষমতা

কথা বলা, লেখা এবং অনুভূতি প্রকাশের যোগ্যতা মানুষের বিশেষ বৈশিষ্ট্য। এর মাধ্যমে মানুষ নিজের চিন্তা অন্যের কাছে পৌঁছে দিতে পারে এবং জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করে। সুরা আর-রহমানের ১ থেকে ৪ নম্বর আয়াতে কোরআন শিক্ষা, মানুষ সৃষ্টি এবং তাকে ভাব প্রকাশের ক্ষমতা দেওয়ার কথা উল্লেখ রয়েছে।

৫. প্রকৃতিকে মানুষের কল্যাণে নিয়োজিত করা

সূর্য, চন্দ্র, নদী, সমুদ্র, পাহাড়, পশুপাখি ও প্রকৃতির বিভিন্ন উপাদান মানুষের জীবনধারণে সহায়তা করে। সুরা আল-জাসিয়ার ১৩ নম্বর আয়াতে আকাশ ও পৃথিবীর সবকিছু মানুষের কল্যাণে নিয়োজিত করার কথা বলা হয়েছে।

৬. বহু সৃষ্টির ওপর শ্রেষ্ঠত্ব

জ্ঞান, বিবেক, উপলব্ধি ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার মাধ্যমে মানুষকে বহু সৃষ্টির ওপর মর্যাদা দিয়েছেন আল্লাহ। সুরা আল-ইসরার ৭০ নম্বর আয়াতে এ শ্রেষ্ঠত্বের ঘোষণা রয়েছে। এই মর্যাদার যথাযথ ব্যবহার করাও মানুষের দায়িত্ব।

৭. নবী-রাসুল ও আসমানি কিতাব প্রেরণ

মানুষকে সঠিক পথ দেখানোর জন্য যুগে যুগে নবী-রাসুল পাঠিয়েছেন আল্লাহ। তাঁদের মাধ্যমে আসমানি কিতাব ও ন্যায়বিচারের নির্দেশনা দিয়েছেন। সুরা আল-হাদিদের ২৫ নম্বর আয়াতে রাসুলদের প্রেরণ এবং কিতাব ও ন্যায়ের মানদণ্ড অবতীর্ণ করার কথা বলা হয়েছে।

৮. পোশাক ও শালীনতার ব্যবস্থা

মানুষের শরীর আবৃত রাখা, সৌন্দর্য ও শালীনতা রক্ষার জন্য পোশাকের ব্যবস্থা করেছেন আল্লাহ। আদম (আ.) ও হাওয়া (আ.) নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পর জান্নাতের পাতা দিয়ে নিজেদের শরীর ঢাকার চেষ্টা করেন। সুরা আল-আরাফের ২২ নম্বর আয়াতে ঘটনাটি বর্ণিত হয়েছে।

৯. মৃত্যুর পরও মর্যাদা রক্ষার বিধান

ইসলামে মানুষের সম্মান জীবিত অবস্থার মধ্যেই সীমাবদ্ধ নয়। মৃত ব্যক্তির গোসল, কাফন, জানাজা ও দাফনের মাধ্যমে তাঁর মর্যাদা রক্ষার শিক্ষা দেওয়া হয়েছে। সুরা আবাসার ২১ নম্বর আয়াতে মানুষকে মৃত্যু দেওয়া এবং কবরস্থ করার কথা উল্লেখ রয়েছে।

১০. জান্নাত লাভের সুযোগ

ঈমান ও সৎকর্মের মাধ্যমে মানুষের সামনে চিরস্থায়ী জান্নাত লাভের সুযোগ রয়েছে। আল্লাহর আনুগত্য ও রহমত অর্জনের মাধ্যমে মুমিনরা পরকালে জান্নাতের নিয়ামত লাভ করতে পারবেন। সুরা আল-কাহফের ১০৭ নম্বর আয়াতে ঈমানদার ও সৎকর্মশীলদের জন্য জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ দেওয়া হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/24383 ,   Print Date & Time: Friday, 27 November 2026, 12:03:35 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh