![]()
ইবি রিপোর্ট
দেশের বাজারে সয়াবিন তেলের দাম ২০২২ সালের রেকর্ড ছাড়িয়ে নতুন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। লিটারপ্রতি তিন টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৭ টাকা এবং খোলা তেলের দাম ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ২০২২ সালে বোতলজাত তেলের সর্বোচ্চ দাম ছিল ২০৫ টাকা এবং খোলা তেলের ১৮৫ টাকা। নতুন মূল্য কার্যকর হওয়ায় দুই ধরনের সয়াবিন তেলের দামই আগের রেকর্ড অতিক্রম করেছে।
বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনাবিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা এবং খোলা তেলের দাম ১৮৫ টাকা থেকে ১৮৮ টাকা নির্ধারণ করা হয়। তবে খোলা পাম অয়েলের দাম আগের মতো লিটারপ্রতি ১৬৬ টাকা রাখা হয়েছে।
চলতি বছর এ নিয়ে তিন দফায় বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ল। বছরের শুরুতে প্রতি লিটার বোতলজাত তেলের দাম ছিল ১৯৫ টাকা। গত ২৯ এপ্রিল চার টাকা বাড়িয়ে তা ১৯৯ টাকা করা হয়। এরপর ২ সেপ্টেম্বর আরও পাঁচ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ২০৪ টাকা। সর্বশেষ তিন টাকা বৃদ্ধির ফলে বছরের শুরু থেকে এ পর্যন্ত লিটারপ্রতি দাম বেড়েছে মোট ১২ টাকা।
দাম বাড়ানোর পক্ষে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি, আমদানি ব্যয় ও সরবরাহের বিষয়গুলো তুলে ধরেছেন ব্যবসায়ীরা। তাঁদের দাবি, গত ২ সেপ্টেম্বর সর্বশেষ মূল্য সমন্বয়ের পর বিশ্ববাজারে সয়াবিন ও পাম অয়েলের দাম বেড়েছে। ডলারের উচ্চমূল্যের কারণে আমদানি ব্যয়ও বেড়েছে। দীর্ঘদিন দেশের বাজারে দাম অপরিবর্তিত থাকায় আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়ছিল। আসন্ন রমজানে পর্যাপ্ত মজুত ও নিয়মিত সরবরাহ নিশ্চিত করতেও দাম সমন্বয়ের প্রয়োজন ছিল বলে তাঁদের বক্তব্য।
তবে বাজার বিশ্লেষকদের বক্তব্যে ভিন্ন দিকও উঠে এসেছে। তাঁদের মতে, ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বৈশ্বিক নানা পরিস্থিতির কারণে ভোজ্যতেলের দাম বাড়ার ব্যাখ্যা থাকলেও এবার মূল্যবৃদ্ধির পক্ষে ব্যবসায়ীরা তেমন জোরালো যুক্তি দেখাতে পারেননি।
সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন দেশের ভোজ্যতেলের মজুত, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারদর, ঋণপত্র (এলসি) খোলা এবং আমদানির পরিস্থিতি তুলে ধরে। এসব তথ্য পর্যালোচনার পর সর্বসম্মতিক্রমে নতুন দাম নির্ধারণ করা হয়।
নতুন মূল্য নির্ধারণের পরও বাজারে ভোক্তাদের জন্য স্বস্তির নিশ্চয়তা নেই। বোতলজাত সয়াবিন তেল নির্ধারিত দামে পাওয়া গেলেও খোলা তেল অনেক ক্ষেত্রে সরকার নির্ধারিত দরের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। এ পরিস্থিতিতে কৃত্রিম সংকট তৈরি, অবৈধ মজুত এবং অতিরিক্ত দামে বিক্রি বন্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদেরও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, এক বছরের ব্যবধানে খোলা সয়াবিন তেলের দাম বেড়েছে ১০ শতাংশ। বোতলজাত তেলের দাম বেড়েছে ৭ শতাংশ। একই সময়ে খোলা পাম অয়েলের দামও বেড়েছে ১০ শতাংশ।
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তথ্য বলছে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশে ৮ লাখ ২৩ হাজার টন ভোজ্যতেল আমদানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় আমদানি বেড়েছে প্রায় ১৬ দশমিক ৭ শতাংশ।
এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে ভোজ্যতেলের সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটে। সূর্যমুখী তেলের অন্যতম রপ্তানিকারক ইউক্রেন ও রাশিয়ার রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত হয়। একই সময়ে ইন্দোনেশিয়া অভ্যন্তরীণ সরবরাহ নিশ্চিত করতে সাময়িকভাবে পাম অয়েল রপ্তানি বন্ধ করে দেয়। এসব কারণে বিশ্ববাজারে সয়াবিন তেলের চাহিদা ও দাম বেড়ে যায়। সেই পরিস্থিতিতে বাংলাদেশের বাজারেও ভোজ্যতেলের দাম রেকর্ড উচ্চতায় উঠেছিল। এবার সেই সীমা পেরিয়ে নতুন দামে পৌঁছাল সয়াবিন তেল।