• হোম > জাতীয় | দেশজুড়ে > ওয়ারীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২

ওয়ারীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২

  • শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৫:৪৯
  • ১০

---

ইবি রিপোর্ট

রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হোটেলের মহাব্যবস্থাপকসহ আরও এক কর্মচারী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) রাত দুইটার দিকে জয়কালী মন্দিরের পাশে ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এ হামলার ঘটনা ঘটে।

নিহত ম্যানেজারের নাম নাঈমুর রহমান (২৬)। আহতরা হলেন হোটেলের মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক (৫০) এবং কর্মচারী হাসান (২৬)। তাঁদের উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান গণমাধ্যমকে জানান, রাত দুইটার দিকে দেশীয় অস্ত্র নিয়ে দুই ব্যক্তি হোটেলে প্রবেশ করে। এরপর তারা ম্যানেজার নাঈমুর রহমানকে এলোপাতাড়ি কোপাতে থাকে। তাঁর চিৎকার শুনে অন্যরা এগিয়ে এলে হামলাকারীরা হোটেলের মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক ও কর্মচারী হাসানকেও কুপিয়ে আহত করে।

পরে তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাঈমুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শ্যামলীর একটি হাসপাতালে পাঠানো হয়।

ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন মিয়া গণমাধ্যমকে জানান, হোটেলের সামনে মুরগি ব্যবসায়ীদের বসাকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হামলা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এক মুরগি ব্যবসায়ী ও তাঁর ছেলের সম্পৃক্ততার বিষয়ে তথ্য পাওয়া গেছে।

পুলিশের এই কর্মকর্তা গণমাধ্যমকে আরও জানান, আহত আব্দুর রাজ্জাকের পিঠে গুরুতর জখম হয়েছে। অন্যদিকে হাসানের পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

তবে হামলার পেছনে প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন ওসি মাহমুদুর রহমান। তাঁর ভাষ্য, তদন্তের পর বিরোধের কারণ এবং হামলায় জড়িত ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত জানা যাবে। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/24356 ,   Print Date & Time: Friday, 27 November 2026, 10:59:10 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh