![]()
ইবি রিপোর্ট
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব নতুন করে উদ্বেগ তৈরি করেছে দেশের রপ্তানিমুখী শিল্পে। বিশেষ করে তৈরি পোশাক খাতের উৎপাদন সক্ষমতা, সরকারি প্রণোদনা, শ্রম অধিকার এবং চীন থেকে কাঁচামাল আমদানিকে কেন্দ্র করে ওয়াশিংটনের অভিযোগের মুখে পড়েছে বাংলাদেশ। তবে অর্থনীতিবিদদের মতে, এসব অভিযোগের কিছু ভিত্তি নিয়ে প্রশ্ন রয়েছে। তাই প্রস্তাবিত শুল্ক মোকাবিলায় শুধু দ্বিপক্ষীয় আলোচনা নয়, আসন্ন শুনানিতে তথ্য ও যুক্তি দিয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরা প্রয়োজন।
গত বুধবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) তাদের ওয়েবসাইটে বাংলাদেশসহ ১৩টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তাবের বিস্তারিত প্রকাশ করে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় দীর্ঘ তদন্তের পর এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। মার্কিন প্রশাসনের দাবি, এসব দেশের কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা তাদের বাণিজ্যের জন্য প্রতিবন্ধকতা তৈরি করছে। বিশেষ করে তৈরি পোশাক খাতে এমন পরিস্থিতি রয়েছে বলে মনে করছে সংস্থাটি।
বাংলাদেশের ক্ষেত্রে প্রস্তাবিত শুল্কের সর্বোচ্চ হার ১৮ শতাংশ। তবে এটি বিদ্যমান শুল্কের সঙ্গে সরাসরি যোগ করে নতুন করে আরোপের প্রস্তাব নয়। ইউএসটিআর বিদ্যমান শুল্ক সমন্বয় করে সর্বোচ্চ এই হার নির্ধারণের বিষয়টি বিবেচনা করছে। বাংলাদেশের সঙ্গে চলমান আলোচনা এবং দুই দেশের স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তিতে দেওয়া প্রতিশ্রুতিও এ প্রস্তাবের বিবেচনায় রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
নতুন শুল্ক প্রস্তাবের সময়টি দেশের পোশাকশিল্পের জন্য বাড়তি চাপ তৈরি করতে পারে। কারণ, এর এক দিন আগেই তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ থেকে ৪৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। ফলে একদিকে শ্রমিকদের মজুরি বৃদ্ধির ব্যয় সামলানো, অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজারে বাড়তি শুল্কের সম্ভাবনা—দুই চাপের মুখে পড়তে পারেন রপ্তানিকারকেরা। পোশাকশিল্পের মালিকদের আশঙ্কা, নতুন শুল্ক কার্যকর হলে উৎপাদন ব্যয়ের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে পণ্যের প্রতিযোগিতায় টিকে থাকাও কঠিন হতে পারে।
তবে অর্থনীতিবিদদের বিশ্লেষণে বিষয়টি কিছুটা ভিন্নভাবে উঠে এসেছে। অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেনের মতে, যুক্তরাষ্ট্রের এই উদ্যোগের পেছনে বিশ্ব বাণিজ্যে চীনের প্রভাব কমানোর কৌশল কাজ করছে। বাংলাদেশ ছাড়াও ভিয়েতনাম ও কম্বোডিয়ার মতো পোশাক রপ্তানিকারক দেশকে একই ধরনের শুল্কের আওতায় আনার প্রস্তাব করা হয়েছে। তাঁর মতে, বাংলাদেশের ক্ষেত্রে প্রতিযোগিতা সক্ষমতার চেয়ে অভিযোগগুলোর ন্যায্যতা যাচাই বেশি জরুরি।
ড. জাহিদ হোসেন মনে করেন, বাংলাদেশের বিরুদ্ধে অতিরিক্ত উৎপাদন সক্ষমতার যে অভিযোগ আনা হয়েছে, তার পেছনে দেশের বাস্তব উৎপাদন পরিস্থিতি বিবেচনায় নেওয়া হয়নি। গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের ঘাটতির কারণে অনেক কারখানা তাদের পূর্ণ উৎপাদন সক্ষমতা ব্যবহার করতে পারে না। এ পরিস্থিতিতে জ্বালানি সংকট মোকাবিলায় কারখানাগুলোকে অতিরিক্ত সক্ষমতা ধরে রাখতে হয়। ফলে এটিকে সরাসরি আন্তর্জাতিক বাণিজ্যে অন্যায্য সুবিধা হিসেবে বিবেচনা করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে।
তিনি আরও মনে করেন, বাংলাদেশের তৈরি পোশাকের ওপর শুল্ক বাড়ানো হলে শুধু রপ্তানিকারকেরাই ক্ষতিগ্রস্ত হবেন না, মার্কিন আমদানিকারক ও ভোক্তারাও এর প্রভাব অনুভব করতে পারেন। কারণ, বাংলাদেশ থেকে আমদানি করা পোশাকের দাম বাড়লে যুক্তরাষ্ট্রের বাজারেও পণ্যের মূল্য বৃদ্ধি পেতে পারে। দেশটিতে আগে থেকেই উচ্চ মূল্যস্ফীতি থাকায় এ ধরনের মূল্যবৃদ্ধি অভ্যন্তরীণ অসন্তোষ বাড়াতে পারে।
এ অবস্থায় বাংলাদেশের জন্য আসন্ন শুল্ক শুনানিকে বিশেষ গুরুত্ব দিয়ে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন ড. জাহিদ হোসেন। তাঁর মতে, শুধু সরকারের পক্ষ থেকে বক্তব্য দিলেই হবে না, বাংলাদেশের পোশাক আমদানিকারক মার্কিন ক্রেতাদেরও নিজেদের অবস্থান তুলে ধরতে হবে। একই সঙ্গে মার্কিন রাজনীতিবিদদের মধ্যে জনমত তৈরির উদ্যোগ নেওয়া প্রয়োজন। ভারত, ভিয়েতনাম ও কম্বোডিয়াসহ যেসব দেশ একই ধরনের শুল্ক প্রস্তাবের মুখে রয়েছে, তাদের সঙ্গে সমন্বিতভাবে অভিযোগগুলোর যৌক্তিকতা নিয়ে আলোচনা করা যেতে পারে।
এদিকে বাংলাদেশের ওপর শুল্ক আরোপের উদ্যোগকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রচারাভিযানের বাণিজ্যনীতির অংশ হিসেবে দেখছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক কর্মসূচিতে বাণিজ্যনীতি এবং শুল্ক চুক্তি বিশেষ জায়গা পেয়েছে। তবে এ নীতি শুধু বাংলাদেশের জন্য নেওয়া হয়নি। কোন অভিযোগ যৌক্তিক এবং কোনটি অযৌক্তিক, তা তুলে ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে বাংলাদেশ।
প্রতিমন্ত্রী জানান, আগামী ২৫ জানুয়ারি এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে যুক্তরাষ্ট্রের উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে বাংলাদেশের বক্তব্য দেওয়ার সুযোগ রয়েছে। যেসব বিষয়কে বাংলাদেশ অযৌক্তিক মনে করে, সেগুলো আলোচনায় তুলে ধরার প্রস্তুতি নেওয়া হবে।
ইউএসটিআরের বাংলাদেশবিষয়ক প্রতিবেদনে শুল্ক প্রস্তাবের পেছনে কয়েকটি নীতিগত ও বাণিজ্যিক কারণ তুলে ধরা হয়েছে। সংস্থাটির দাবি, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং জাতীয় রপ্তানি নীতি ২০২৪-২৭-এর মাধ্যমে বাংলাদেশ সাধারণ বাজার চাহিদার বাইরে রপ্তানিমুখী উৎপাদন বাড়ানোর নীতি গ্রহণ করেছে। রাষ্ট্রীয় সহায়তায় তৈরি পোশাক খাতের উৎপাদন সক্ষমতা বাড়িয়ে আন্তর্জাতিক বাজারে সরবরাহ বৃদ্ধি করা হচ্ছে বলেও অভিযোগ করেছে তারা।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ৪৩টির বেশি রপ্তানিমুখী খাতে রাষ্ট্রীয় কোষাগার থেকে শূন্য দশমিক ৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত নগদ প্রণোদনা দেওয়া হয়। এ ছাড়া রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ও অর্থনৈতিক অঞ্চলগুলোতে পাঁচ থেকে সাত বছর পর্যন্ত কর অবকাশ এবং শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুবিধা রয়েছে। মার্কিন প্রশাসনের মতে, এসব সুবিধা আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রপ্তানিকারকদের প্রতিযোগিতায় বাড়তি সুবিধা দিচ্ছে।
শ্রম অধিকার ও মজুরি কাঠামো নিয়েও আপত্তি জানিয়েছে ইউএসটিআর। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের সংশোধিত শ্রম আইনেও শ্রমিকদের সংগঠন গঠন এবং যৌথ দরকষাকষির পূর্ণ স্বাধীনতা নিশ্চিত হয়নি। বিশেষ করে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে স্বাধীন ট্রেড ইউনিয়ন গঠনের সুযোগ না থাকার বিষয়টি তুলে ধরা হয়েছে। পাশাপাশি প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশের পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি কম বলেও দাবি করা হয়েছে।
চীন থেকে কাঁচামাল আমদানির বিষয়টিও মার্কিন অভিযোগের অন্যতম ভিত্তি। যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের তথ্য অনুযায়ী, বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে ব্যবহৃত কাঁচামালের প্রায় ৭০ শতাংশ চীন থেকে আসে। ২০১৭ থেকে ২০২৫ সালের মধ্যে চীন থেকে বাংলাদেশের কাঁচামাল আমদানি বেড়েছে ৬৮ শতাংশ। একই সঙ্গে শুল্ক এড়ানোর উদ্দেশ্যে চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশে কারখানা স্থাপন করছেন এবং এর মাধ্যমে চীনের অতিরিক্ত উৎপাদন সক্ষমতার পণ্য বাংলাদেশের পথ ধরে মার্কিন বাজারে প্রবেশ করছে বলে অভিযোগ করেছে ওয়াশিংটন।