• হোম > রাজনীতি > বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতের হুঁশিয়ারি

বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতের হুঁশিয়ারি

  • বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১৭:৪৮
  • ১৭

---

 

ইবি রিপোর্ট

পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের মন্ত্রী অর্জুন সিংয়ের বাংলাদেশ দখলের হুমকির প্রতিবাদ জানিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির নেতারা বলেছেন, বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না। কোনো অজুহাতে বাংলাদেশের ওপর আঘাত এলে পাল্টা জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অবস্থান জানান হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান।

বিবৃতিতে তাঁরা বলেন, পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিং ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের প্রকাশ্য হুমকি দিয়েছেন। তাঁর এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে হেফাজতে ইসলাম। নেতাদের দাবি, ভারতের সমর্থনপুষ্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেও বাংলাদেশের স্বাধীনতাকামী ছাত্র-জনতাকে দমাতে পারেননি। সে অবস্থায় বাইরে থেকে বাংলাদেশ দখলের হুমকি বাস্তবসম্মত নয়; এটি ফাঁকা বুলি ছাড়া কিছু নয়।

হেফাজত নেতারা আরও বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশ ছাড়তে বাধ্য করায় ভারতের দিল্লির সাউথ ব্লক ভীত। তাঁদের অভিযোগ, এ কারণে পশ্চিমবঙ্গের নেতাদের দিয়ে বাংলাদেশকে হুমকি দেওয়া হচ্ছে। তবে বাংলাদেশের জনগণ এসব হুমকিকে গুরুত্ব দেবে না বলেও বিবৃতিতে উল্লেখ করেন তাঁরা।

বিবৃতিতে ভারতের বিভিন্ন চিহ্নিত সম্পদের বিষয়ে কঠোর বক্তব্য দেন হেফাজত নেতারা। তাঁরা বলেন, বর্তমান বাংলাদেশ আর আওয়ামী লীগ বা শেখ পরিবারের শাসনাধীন দেশ নয়। দেশের রাজনৈতিক বাস্তবতা বদলে গেছে এবং ভারতের উচিত সেই পরিবর্তন অনুধাবন করা।

শেখ হাসিনাকে ১৭ বছর বাংলাদেশের জনগণের ওপর চাপিয়ে দিয়ে ভারতের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার ষড়যন্ত্রের অভিযোগও তোলেন তাঁরা। একই সঙ্গে বিএনপি নেতা ইলিয়াস আলী, বুয়েটছাত্র আবরার ফাহাদ, পিলখানায় নিহত ৫৭ সেনা কর্মকর্তা এবং শহীদ ওসমান হাদির প্রসঙ্গ তুলে ভারতের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন। তাঁদের দাবি, ভারতের আগ্রাসী আচরণের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই এসব হত্যাকাণ্ড ঘটেছে। এসব ঘটনার দায় ভারতকে একদিন নিতে হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

হেফাজত নেতারা আরও অভিযোগ করেন, নিজেদের দেশের সংখ্যালঘু মুসলমানদের সুরক্ষা দিতে ব্যর্থ ভারত বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে মিথ্যা বয়ান ছড়াচ্ছে। তাঁদের ভাষ্য, ২০২৪ সালে মাথা তুলে দাঁড়ানো বাংলাদেশকে আর অবনত করা সম্ভব নয়। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের অপপ্রচার ও প্রচারণা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে।

বিবৃতির শেষাংশে তাঁরা বলেন, কোনো অজুহাতে বাংলাদেশকে আঘাত করা হলে পাল্টা আঘাত সেভেন সিস্টার্স হয়ে দিল্লির মসনদ পর্যন্ত পৌঁছাতে পারে। জুলাই বিপ্লবের ছাত্র-জনতা মৃত্যুর পরোয়া না করে স্বাধীনতা রক্ষার সক্ষমতা দেখিয়েছে বলেও মন্তব্য করেন তাঁরা।

এ ছাড়া সামরিকভাবে শক্তিশালী মুসলিম রাষ্ট্রগুলো বাংলাদেশের লড়াইয়ে ভ্রাতৃত্বের সঙ্গে পাশে থাকবে বলে বিশ্বাস প্রকাশ করেন হেফাজত নেতারা।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/24347 ,   Print Date & Time: Thursday, 26 November 2026, 02:25:39 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh