![]()
ইবি রিপোর্ট
শীত মৌসুমে শীতার্ত, অসহায় ও দুর্যোগকবলিত মানুষের মধ্যে বিতরণের জন্য ৪৬ কোটি ৬৬ লাখ ৪৯ হাজার ২৬৮ টাকা ব্যয়ে কম্বল কেনার উদ্যোগ নিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বাংলাদেশ তাঁত বোর্ডের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব কম্বল সংগ্রহ করা হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এর আগে বুধবার (২৫ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে কম্বল কেনার প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়।
চলতি অর্থবছরে কম্বল কেনার জন্য সরকারের মোট বরাদ্দ রয়েছে ৫৭ কোটি ২০ লাখ টাকা। এর মধ্যে ১০ কোটি ৫৩ লাখ ৫০ হাজার ৭৩২ টাকার কম্বল কেনার প্রস্তাব আগেই অনুমোদিত হয়েছে। এবার বাকি অর্থের মধ্যে ৪৬ কোটি ৬৬ লাখ ৪৯ হাজার ২৬৮ টাকা ব্যয়ে আরও কম্বল কেনার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।
দ্রুত কম্বল সংগ্রহের প্রয়োজনীয়তা তুলে ধরে সংশ্লিষ্ট প্রস্তাবে বলা হয়েছে, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনাকাটার প্রক্রিয়া শেষ করতে দীর্ঘ সময় লাগতে পারে। এতে আসন্ন শীত মৌসুমে নির্ধারিত সময়ে অসহায় মানুষের কাছে কম্বল পৌঁছানো অনিশ্চিত হয়ে পড়তে পারে। এ কারণে দ্রুত সংগ্রহ ও বিতরণ নিশ্চিত করতে সরাসরি ক্রয় পদ্ধতি বেছে নেওয়া হয়েছে।
প্রস্তাবে আরও বলা হয়েছে, আগামী ডিসেম্বর থেকে দেশের উত্তরাঞ্চলের ১৬টি জেলায় শীতের তীব্রতা বাড়ার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে শীতার্ত মানুষের সহায়তায় সময়মতো কম্বল পৌঁছে দেওয়া জরুরি। সে বিবেচনায় প্রচলিত উন্মুক্ত দরপত্রের পরিবর্তে সরাসরি কেনাকাটার উদ্যোগ নেওয়া হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, কম্বল কেনা এবং বিতরণের পুরো কার্যক্রম বাস্তবায়ন করবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। এ কর্মসূচির জন্য প্রয়োজনীয় অর্থের সম্পূর্ণ জোগান দেওয়া হবে সরকারের নিজস্ব তহবিল থেকে।