• হোম > রাজনীতি > ২২ দিনে গুলিতে ছয়জন নিহত, খুলনার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন জামায়াত

২২ দিনে গুলিতে ছয়জন নিহত, খুলনার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন জামায়াত

  • বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১৬:৫৩
  • ১৮

---

ইবি রিপোর্ট

খুলনায় একের পর এক হত্যাকাণ্ড, গোলাগুলি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নগরী ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপের অভাবকে দায়ী করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, অপরাধীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, খুলনা মহানগরী ও জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি, সন্ত্রাস এবং নানা ধরনের অপরাধ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো যথাযথ ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতির অবনতি ঘটছে বলে তিনি অভিযোগ করেন।

বিবৃতিতে গত ২৪ নভেম্বরের কয়েকটি গোলাগুলির ঘটনা তুলে ধরেন জামায়াতের এই নেতা। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ওই দিন সকাল থেকে রাত পর্যন্ত খুলনা মহানগরীর সদর, সোনাডাঙ্গা, দৌলতপুর, লবণচরা, খানজাহান আলী ও আড়ংঘাটাসহ সাতটি স্থানে গুলির ঘটনা ঘটে। এসব ঘটনার মধ্যে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় একজন নিহত হন।

খুলনায় সাম্প্রতিক সময়ে গোলাগুলি ও হত্যাকাণ্ডের পরিসংখ্যানও উল্লেখ করেন গোলাম পরওয়ার। তিনি জানান, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২২ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত ২২ দিনে গুলিতে ছয়জন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন। এ সময় অন্তত ১৩টি গুলির ঘটনা ঘটেছে।

এ ছাড়া চলতি বছরের ১২ নভেম্বর পর্যন্ত খুলনা মহানগরীতে ৩৯টি এবং জেলার অন্যান্য এলাকায় ৪০টিসহ মোট ৭৯টি হত্যাকাণ্ড ঘটেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এসব ঘটনার মধ্যে ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরের দিন ডুমুরিয়ায় গুলিতে একজন নিহত হওয়ার ঘটনাও তুলে ধরেন তিনি।

দেশের বর্তমান সরকারের আমলে অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন গোলাম পরওয়ার। তাঁর অভিযোগ, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সন্ত্রাস ও অপরাধ দমনে সংশ্লিষ্ট সংস্থাগুলো কার্যকর ভূমিকা রাখতে পারছে না। দলীয়করণ, দখলবাজি, চাঁদাবাজি এবং অভ্যন্তরীণ কোন্দলের কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলেও দাবি করেন তিনি।

এসব পরিস্থিতি থেকে উত্তরণে প্রতিটি হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনার আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। তাঁর মতে, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা না গেলে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হবে।

বিবৃতিতে খুলনাসহ সারা দেশে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি সন্ত্রাস ও ডাকাতিপ্রবণ এলাকাগুলোতে বিশেষ অভিযান জোরদার এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সরঞ্জাম ও অন্যান্য সহায়তা বাড়ানোর দাবি জানান তিনি।

খুলনার সাম্প্রতিক অপরাধ পরিস্থিতি নিয়ে জামায়াতের এই বক্তব্যে নাগরিক নিরাপত্তা, অপরাধ তদন্ত এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর কার্যকারিতা নিয়ে উদ্বেগ উঠে এসেছে। হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনাগুলো তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনে প্রধান দায়িত্ব।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/24330 ,   Print Date & Time: Thursday, 26 November 2026, 11:09:36 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh