• হোম > দেশজুড়ে | রাজশাহী > কলেজে আকস্মিক শিক্ষামন্ত্রী, শ্রেণিকক্ষে পেলেন মাত্র একজন শিক্ষার্থী

কলেজে আকস্মিক শিক্ষামন্ত্রী, শ্রেণিকক্ষে পেলেন মাত্র একজন শিক্ষার্থী

  • বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১৬:৩৬
  • ১২

---

ইবি রিপোর্ট

রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজে আকস্মিক পরিদর্শনে গিয়ে শ্রেণিকক্ষে মাত্র একজন শিক্ষার্থীকে উপস্থিত পেয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। কলেজে মোট ১৫ জন শিক্ষার্থী থাকলেও তাদের অধিকাংশই কেন ক্লাসে আসেনি, সে বিষয়ে শিক্ষকদের কাছ থেকে সন্তোষজনক ব্যাখ্যা পাননি তিনি। এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করে নিয়মিত পাঠদান ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন মন্ত্রী।

বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে আকাশপথে রাজশাহী পৌঁছান শিক্ষামন্ত্রী। এরপর সরকারি সফরে নাটোর যাওয়ার পথে পুঠিয়ার বিড়ালদহ কলেজ পরিদর্শনে যান তিনি। সেখানে একটি শ্রেণিকক্ষে প্রবেশ করে একজন শিক্ষার্থীকে দেখতে পান।

এ সময় উপস্থিত এক নারী শিক্ষকের কাছে শিক্ষার্থীদের অবস্থান জানতে চান মন্ত্রী। তিনি প্রশ্ন করেন, ‘স্টুডেন্ট কোথায়? আমার ছাত্র কই?’ জবাবে ওই শিক্ষক জানান, শ্রেণিকক্ষে একজন ছাত্রী রয়েছে।

কলেজে মোট কতজন শিক্ষার্থী পড়াশোনা করে, জানতে চাইলে ওই শিক্ষক বলেন, প্রতিষ্ঠানটিতে মূলত মেয়েরাই পড়াশোনা করে এবং মোট শিক্ষার্থীর সংখ্যা ১৫ জন। এরপর মন্ত্রী জানতে চান, অন্য শিক্ষার্থীরা ক্লাসে আসে না কেন। উত্তরে শিক্ষক জানান, সাধারণত শিক্ষার্থীরা আসে না; ওই দিন মাত্র একজন উপস্থিত হয়েছে।

একজন শিক্ষার্থীকে নিয়ে পাঠদান পরিচালনার বিষয়ে আরেক শিক্ষক বলেন, তাঁদের ক্লাসের অনেক শিক্ষার্থী তখনো শ্রেণিকক্ষে প্রবেশ করেনি। তিনি নির্ধারিত সময় অনুযায়ী ক্লাসে এসেছেন বলেও জানান।

তবে শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণ জানতে চেয়ে শিক্ষকদের কাছ থেকে যে ব্যাখ্যা পান, তাতে সন্তুষ্ট হতে পারেননি শিক্ষামন্ত্রী। এ সময় তিনি অসন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং যথাযথভাবে পাঠদান কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

পরিদর্শনের সময় নাটোর সদর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/24324 ,   Print Date & Time: Thursday, 26 November 2026, 11:01:26 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh