• হোম > ইন্টাপ্রেনিউর | উদ্যোক্তার গল্প | দেশজুড়ে > ছোট অর্ডার থেকে রপ্তানি, যেভাবে বদলে গেল নার্গিসের জীবন

ছোট অর্ডার থেকে রপ্তানি, যেভাবে বদলে গেল নার্গিসের জীবন

  • বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১৫:৩৪
  • ৮২

নার্গিস আহমেদ, নারী উদ্যোক্তা ও আনা বাংলাদেশের প্রতিষ্ঠাতা।

নিজস্ব প্রতিবেদন

চাকরির পাশাপাশি কুশন কভার তৈরি দিয়ে শুরু। পরে পাটপণ্য নিয়ে প্রশিক্ষণ, কারখানা স্থাপন ও রপ্তানি। নানা বাধা পেরিয়ে নিজের ব্যবসাকে এগিয়ে নিচ্ছেন নারী উদ্যোক্তা নার্গিস আহমেদ।

সংসার, সন্তান ও চাকরির ব্যস্ততার মধ্যেও নিজের ব্যবসা গড়ে তোলার স্বপ্ন দেখতেন নার্গিস আহমেদ। শুরুটা ছিল পরিচিত একজনের দেওয়া কুশন কভার তৈরির কাজ দিয়ে। পরে এক হাজার কুশন কভারের অর্ডার পেয়ে হাতে আসে প্রথম বড় আয়ের সুযোগ। সেই অভিজ্ঞতা থেকেই চাকরির পাশাপাশি উদ্যোক্তা হওয়ার পথ বেছে নেন তিনি। বর্তমানে তাঁর প্রতিষ্ঠান আনা বাংলাদেশ পাটভিত্তিক পণ্য তৈরি করছে। পাটপণ্যের নতুন বাজার তৈরি এবং কর্মসংস্থান বাড়ানোর স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন এই নারী উদ্যোক্তা।

নার্গিসের উদ্যোক্তা হওয়ার পরিকল্পনা শুরু হয় ২০০৬ সালে। বিয়ের আগে তাঁর পড়াশোনা চলছিল। বিয়ের পরও পড়াশোনা শেষ করেন এবং ব্যবসা করার চিন্তা ধরে রাখেন। চাকরির পাশাপাশি ছোট পরিসরে কাজ শুরু করার সুযোগ খুঁজছিলেন তিনি। এ সময় এসএমই খাতের সঙ্গে যুক্ত হন। জামালপুরের এক নারী উদ্যোক্তার সহযোগিতায় এসএমই কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পান। সেখানে বিভিন্ন উদ্যোক্তার কাজ ও অভিজ্ঞতা দেখে নিজের ব্যবসা করার আগ্রহ আরও বাড়ে।

তাঁর লক্ষ্য ছিল শুধু নিজে আয় করা নয়, বরং এমন একটি প্রতিষ্ঠান গড়ে তোলা, যেখানে অন্যরাও কাজ করতে পারবেন। সেই ভাবনা থেকেই চাকরির পাশাপাশি ছোট পরিসরে উৎপাদন শুরু করেন।

কুশন কভার দিয়ে ব্যবসার শুরু

এক আত্মীয়ের পোশাক কারখানার সূত্রে কুশন কভার তৈরির কাজ পান নার্গিস। তাঁর তৈরি পণ্যের সেলাই ও কাজ পছন্দ হওয়ায় এক ক্রেতা এক হাজার কুশন কভারের অর্ডার দেন। ২০১১-১২ সালের দিকে ওই কাজ থেকে প্রায় ১৮ হাজার টাকা আয় করেন তিনি। এই অর্থ ও অভিজ্ঞতা তাঁর উদ্যোক্তা হওয়ার পথে প্রথম বড় প্রেরণা হয়ে ওঠে।

এরপর চাকরি ছেড়ে ব্যবসায় মনোযোগ দেন। তবে পথ সহজ ছিল না। পরিবার সামলানো, সন্তানদের বড় করা এবং ব্যবসার কাজ একসঙ্গে চালিয়ে যেতে হয়েছে। সন্তানদের ছোট বয়সে নানা পরিস্থিতির মধ্যেও তিনি উদ্যোগ চালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

পাটপণ্য তৈরির দিকে ঝুঁকে পড়া

২০১৬ সালে মোহাম্মদপুরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মেলায় অংশ নেন নার্গিস। সেখানে তাঁদের পণ্য দেখে একজন সরকারি কর্মকর্তা প্রশংসা করেন এবং পণ্য রপ্তানির সম্ভাবনা নিয়ে এগোনোর পরামর্শ দেন। পরে কয়েকজন নারী উদ্যোক্তা মিলে তৃণমূল নারী উদ্যোক্তা সমিতির ব্যানারে বাংলাদেশ ব্যাংকে নিজেদের পণ্য প্রদর্শনের সুযোগ পান।

সেখান থেকে প্রশিক্ষণের সুযোগ আসে। প্রথমবার চীনে প্রশিক্ষণে অংশ নেওয়ার পর নিউজিল্যান্ডেও পাটপণ্য নিয়ে প্রশিক্ষণ নেন তিনি। বিভিন্ন দেশের অংশগ্রহণকারীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় এবং পাটের বহুমুখী ব্যবহার সম্পর্কে ধারণা তাঁর ব্যবসার পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করে।

দেশে ফিরে পাট নিয়ে কাজ করার আগ্রহ থেকে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ও সংশ্লিষ্ট প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেন। পরে প্রশিক্ষণে অংশ নিয়ে পাটপণ্য তৈরির বিভিন্ন কৌশল শেখেন। প্রশিক্ষণের পাশাপাশি উৎপাদন কার্যক্রমও শুরু করেন। নিজ এলাকার প্রায় ৩০ জন অংশগ্রহণকারীকে নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম চালানোর উদ্যোগ নেন এবং তাঁদের সঙ্গে উৎপাদনভিত্তিক কাজ এগিয়ে নেন।

বাধা পেরিয়ে নতুন করে কারখানা

পাটপণ্য নিয়ে কাজ শুরু করার পর স্পেন থেকে একটি অর্ডার পান নার্গিস। কিন্তু পণ্য পাঠানোর সময় ফেরি চলাচল বন্ধ থাকায় চালান পৌঁছানো সম্ভব হয়নি। এতে হতাশ হলেও উদ্যোগ বন্ধ করেননি। বরং একপর্যায়ে কারখানা নারায়ণগঞ্জে স্থানান্তর করেন। পাঁচটি সেলাই মেশিন নিয়ে নতুনভাবে কাজ শুরু করেন।

স্পেনে পাঠানো সম্ভব না হওয়া পণ্যগুলো দেশের বাজারে বিক্রি করে অর্ডারের সমপরিমাণ অর্থের দ্বিগুণ বিক্রির অভিজ্ঞতা হয়েছে বলে জানান তিনি। এতে ব্যবসার প্রতি তাঁর আত্মবিশ্বাস বাড়ে। এরপর ধীরে ধীরে মেশিন ও উৎপাদন সক্ষমতা বাড়াতে থাকেন।

ব্যবসার নাম নিয়েও জটিলতার মুখে পড়তে হয় তাঁকে। শুরুতে ‘আনা ফ্যাশন বুটিক’ নামে কাজ করলেও একই নামের আগে নিবন্ধন থাকায় ট্রেডমার্ক নিয়ে বিরোধ দেখা দেয়। এ বিষয়ে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে শেষ পর্যন্ত ‘আনা বাংলাদেশ’ নামটি প্রতিষ্ঠা করেন। তাঁর পণ্য ব্র্যান্ড ‘পাটপল্লী’ নামে পরিচিতি পায়।

৫৫ পণ্য তৈরি, ৫৪টি রপ্তানি

নার্গিস জানান, এসএমই ফাউন্ডেশনের বিভিন্ন প্রশিক্ষণ এবং বিদেশি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়ে ব্যবসা পরিচালনা, পণ্য উন্নয়ন ও রপ্তানি বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেছেন। তাঁর প্রতিষ্ঠান এখন পর্যন্ত পাটের ৫৫ ধরনের পণ্য তৈরি করেছে। এর মধ্যে ৫৪ ধরনের পণ্য রপ্তানি করেছেন বলে জানান তিনি।

---

রপ্তানির পাশাপাশি উৎপাদন ব্যবস্থাকে আরও গোছানো করতে নিজ এলাকায় ফিরে কাজ শুরু করেছেন। পণ্য রপ্তানিতে প্রয়োজনীয় মান ও নিয়ম মেনে চলার প্রস্তুতি নিচ্ছেন। এ জন্য জাপানের কাইজেন পদ্ধতি নিয়ে কাজ করছেন এবং এসএমইর মাধ্যমে যুক্ত একটি ব্রিটিশ প্রতিষ্ঠানের কার্যক্রমও চলমান রয়েছে বলে জানান তিনি।

নতুন উদ্যোক্তাদের জন্য বার্তা

নার্গিসের মতে, চাকরির পেছনে ছুটতে গিয়ে অনেকে নিজের উদ্যোগের সম্ভাবনা বিবেচনা করেন না। অথচ ছোট একটি ধারণা থেকেই ব্যবসা গড়ে তোলা সম্ভব। তাঁর অভিজ্ঞতায় ব্যর্থতা উদ্যোক্তার পথচলার অংশ; প্রতিকূল পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া ও নতুনভাবে শুরু করার মানসিকতা ব্যবসাকে এগিয়ে নিতে সহায়তা করে।

---

তিনি নতুন প্রজন্মকে দেশীয় পণ্য ও নিজস্ব দক্ষতা কাজে লাগিয়ে উদ্যোগ গড়ে তোলার আহ্বান জানান। বিশেষ করে পাটের বহুমুখী ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন তিনি। তাঁর বিশ্বাস, দেশীয় কাঁচামাল ও স্থানীয় দক্ষতা কাজে লাগিয়ে নতুন পণ্য তৈরি করা গেলে উদ্যোক্তাদের পাশাপাশি আরও মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

কুশন কভার তৈরির ছোট কাজ থেকে পাটপণ্য উৎপাদন ও রপ্তানির অভিজ্ঞতা—নার্গিস আহমেদের এই যাত্রায় বারবার এসেছে নতুন করে শুরু করার প্রয়োজন। তাঁর সামনে এখন লক্ষ্য উৎপাদনের পরিধি বাড়ানো, পণ্যের মান ও ব্যবসায়িক প্রস্তুতি আরও শক্ত করা এবং দেশীয় পাটপণ্যকে বিদেশি বাজারে বিস্তৃত করা।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/24312 ,   Print Date & Time: Friday, 27 November 2026, 03:13:49 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh