• হোম > রাজধানী > সাভারে পোশাক কারখানায় হামলা-ভাঙচুর, ৬০০ জনের বিরুদ্ধে মামলা

সাভারে পোশাক কারখানায় হামলা-ভাঙচুর, ৬০০ জনের বিরুদ্ধে মামলা

  • বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১৫:২৪
  • ২৬

---

ইবি রিপোর্ট

ঢাকার সাভারের হেমায়েতপুরে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে এ কে এইচ স্টিচ আর্ট লিমিটেড নামের একটি পোশাক কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। কারখানা কর্তৃপক্ষের করা এ মামলায় চারজনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় চার পোশাকশ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) রাতে কারখানার অ্যাডমিন ও মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক মো. নুরুল আমিন বাদী হয়ে সাভার মডেল থানায় মামলাটি করেন। থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, বৃহস্পতিবারের আগের দিন সকাল সাড়ে ৯টার দিকে বহিরাগত শ্রমিকেরা এ কে এইচ স্টিচ আর্ট লিমিটেডে হামলা চালান। এ সময় কারখানায় ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে কারখানার নিরাপত্তারক্ষীরা চারজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

পুলিশ জানায়, আটক চারজনই পোশাকশ্রমিক। তাঁদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। কারখানা কর্তৃপক্ষ তাঁদের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০০ থেকে ৬০০ জনের বিরুদ্ধে মামলা করেছে।

মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে অপরাধমূলক ষড়যন্ত্র, বেআইনিভাবে দলবদ্ধ হয়ে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কারখানায় প্রবেশের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া কারখানার কর্মীদের হত্যার উদ্দেশ্যে মারধর করে গুরুতর জখম, ভাঙচুর, মালামালের ক্ষতি, চুরি এবং ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।

এজাহারে কারখানার ৮২ লাখ টাকার মালামাল ভাঙচুর এবং ১০ লাখ টাকার মালামাল চুরির কথা উল্লেখ করা হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে বিস্ফোরক আইনে মামলাটি করা হয়েছে।

এদিকে নতুন নিম্নতম মজুরি ঘোষণার পরও সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ পুরোপুরি কাটেনি। বৃহস্পতিবার সকালে এ দুই শিল্পাঞ্চলের সাতটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন।

আশুলিয়া শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া সকাল ৯টায় জানান, ওই দিন সকাল থেকে সাতটি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন। একই সঙ্গে শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ ঘোষণা করা ২২টি কারখানাও বৃহস্পতিবার বন্ধ ছিল।

তবে শিল্পাঞ্চলের অন্য সচল কারখানাগুলোর অধিকাংশে স্বাভাবিক কার্যক্রম চলছিল বলে জানান শিল্প পুলিশের এই কর্মকর্তা।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/24302 ,   Print Date & Time: Friday, 27 November 2026, 03:14:09 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh