• হোম > রাজনীতি > ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান

১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান

  • বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১৫:১১
  • ২৫

---

ইবি রিপোর্ট

বিজয়ের মাস ডিসেম্বরকে কেন্দ্র করে মাসব্যাপী কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে বিএনপি। এর অংশ হিসেবে আগামী ১ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে দলটি। এই সমাবেশের মধ্য দিয়ে বিজয়ের মাসের কর্মসূচি শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনের যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, পার্শ্ববর্তী দেশ থেকে শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশে আবারও সহিংসতা ও নাশকতা সৃষ্টির চেষ্টা চলছে। কৃত্রিম সংকট তৈরি করে দেশের চলমান গণতান্ত্রিক স্থিতিশীলতা নষ্ট করার ষড়যন্ত্র করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

রিজভীর ভাষ্য, বিদেশে অবস্থান করেও শেখ হাসিনা প্রতিশোধ ও রক্তপাতের মনোভাব থেকে সরে আসেননি। তাঁর নির্দেশে ফ্যাসিবাদের অবশিষ্টাংশ দেশে ধারাবাহিকভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। এসব ঘটনায় বাড়িঘর, দোকানপাট, ব্যাংক-বিমা ও হাসপাতালে হামলা এবং অগ্নিসংযোগ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এ ছাড়া বিএনপির তিন নেতাকে হত্যার কথা উল্লেখ করে রিজভী বলেন, নিহতদের মধ্যে কৃষক দলের দুজন এবং ভাঙ্গার একজন নেতা রয়েছেন।

বর্তমান সরকারের ভূমিকা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ১৭ বছরের গুম-খুনের সংস্কৃতি থেকে বেরিয়ে দেশ গণতান্ত্রিক কাঠামো ও স্থিতিশীলতার দিকে এগোচ্ছে। বিভিন্ন সহিংসতা ও উসকানির ঘটনা ঘটলেও সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত বলপ্রয়োগ বা নির্মমতার পথ নেয়নি বলে দাবি করেন তিনি।

রিজভী বলেন, সরকার ধৈর্য ও সহনশীলতার সঙ্গে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা করছে। সরকারের এই ভূমিকা দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসা পাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে সাবেক মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাসের অংশ নেওয়ার প্রসঙ্গও তোলেন রিজভী। তাঁর দাবি, ওই অনুষ্ঠানে অংশ নিয়েও টমাস জুলাই আন্দোলনের প্রশংসা করেছেন এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সরকারের কথা বলেছেন। এ কারণে আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের অবস্থান আরও প্রশ্নের মুখে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।

ভারতের এক মন্ত্রীর নামে প্রচারিত ‘১৬ ডিসেম্বর ঢাকা দখল’ সংক্রান্ত কথিত বক্তব্যেরও নিন্দা ও প্রতিবাদ জানান রিজভী। তিনি বলেন, লাখো মানুষের আত্মত্যাগ এবং দুই লাখ মা-বোনের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের এক ইঞ্চি ভূখণ্ডেও বাইরের কোনো পক্ষের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

যৌথ সভা ও সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক দলের আহ্বায়ক আমানউল্লাহ আমান, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও আব্দুস সালাম আজাদ উপস্থিত ছিলেন।

এ ছাড়া স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম মিল্টন ও সদস্য সচিব এসএম জাহাঙ্গীরও সভায় অংশ নেন। এ ছাড়া জাসাস, ছাত্রদল এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/24296 ,   Print Date & Time: Friday, 27 November 2026, 03:13:52 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh