• হোম > জাতীয় | রাজধানী > ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আইনজীবী আহত

ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আইনজীবী আহত

  • বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১৩:৩৮
  • ২৫

---

ইবি রিপোর্ট

রাজধানীর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টা ১৭ মিনিটের দিকে এ বিস্ফোরণ ঘটে। এতে আদালতপাড়া ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের ঘটনায় নয়ন নামের এক আইনজীবী আহত হয়েছেন। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

ঢাকার সিএমএম আদালতের হাজতখানার ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোরশেদ আলম গণমাধ্যমকে ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্ফোরণের পর আইনজীবী ও সাধারণ মানুষের সহায়তায় রাজীব বোস নামের একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

এসআই মোরশেদ আলম বলেন, আটক ব্যক্তিকে হেফাজতে নেওয়ার পর কোতোয়ালি থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে। তবে বিস্ফোরণের সঙ্গে আটক ব্যক্তির সংশ্লিষ্টতা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

ঘটনার পর ঢাকা আইনজীবী সমিতির নেতারা আদালত প্রাঙ্গণে উপস্থিত হন। বিস্ফোরণের ঘটনায় আহত আইনজীবী নয়নকে হাসপাতালে নেওয়ার পাশাপাশি ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্টরা।

সকাল ১১টা ১৭ মিনিটে আদালত প্রাঙ্গণে বিস্ফোরণের পর সেখানে উপস্থিত আইনজীবী, বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বিস্ফোরণের কারণ, কারা এর সঙ্গে জড়িত কিংবা কীভাবে ককটেলটি আদালত এলাকায় পৌঁছেছে—এসব বিষয়ে প্রাথমিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/24271 ,   Print Date & Time: Thursday, 26 November 2026, 11:45:21 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh