• হোম > গোপালগঞ্জ | দেশজুড়ে > গোপালগঞ্জে সহিংসতার জেরে বন্ধ সেবা, অনিশ্চয়তায় ৫০০ কোটি টাকা

গোপালগঞ্জে সহিংসতার জেরে বন্ধ সেবা, অনিশ্চয়তায় ৫০০ কোটি টাকা

  • বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১৩:৩৬
  • ২৩

---

ইবি রিপোর্ট

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার পর সরকারি স্থাপনা সংস্কার, রেল যোগাযোগ, উন্নয়ন প্রকল্প এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর বরাদ্দ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নিরাপত্তার কথা বিবেচনা করে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো আপাতত আগের অবস্থায় রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে বন্ধ রয়েছে ট্রেন চলাচল এবং স্থগিত রাখা হয়েছে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম। এতে জেলার কয়েকটি উপজেলার সাধারণ মানুষ প্রশাসনিক ও নাগরিক সেবা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় রয়েছেন। সব মিলিয়ে উন্নয়ন কর্মকাণ্ডের জন্য বরাদ্দ করা প্রায় ৫০০ কোটি টাকা আটকে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিবিসি বাংলার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। স্থানীয় বিএনপি নেতাদের বক্তব্য অনুযায়ী, ডিসেম্বর মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সরকার এসব সিদ্ধান্ত নিয়েছে।

গোপালগঞ্জের মুকসুদপুর ও কাশিয়ানী এলাকার সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নেতা সেলিমুজ্জামান সেলিম বলেন, পরিস্থিতি বিবেচনায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। এগুলো সাময়িক ব্যবস্থা। পরিস্থিতি স্বাভাবিক হলে সেবা ও উন্নয়ন কার্যক্রম আবার চালু হবে।

তবে রাজনৈতিক সহিংসতার প্রভাব পুরো জেলার মানুষের ওপর পড়া কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, আইনশৃঙ্খলা রক্ষা করা সরকারের দায়িত্ব। কোনো পরিস্থিতিতে প্রশাসনিক ও সেবামূলক কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হলেও শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হন সাধারণ মানুষ।

এর আগে গত সপ্তাহে গোপালগঞ্জে টানা দুই দিনের সহিংসতায় টুঙ্গিপাড়া, কাশিয়ানীসহ কয়েকটি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। স্থানীয় পুলিশ প্রশাসনের কার্যক্রমও এতে ব্যাহত হয়। সহিংসতার পর টুঙ্গিপাড়া থেকে পুলিশ সদস্যদের এলাকা ছেড়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় স্থানীয় তিন সংসদ সদস্যের বাড়িঘর ছাড়াও টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়া হয়। এরপর থেকে থানা দুটির কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে।

মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির জানান, আপাতত মুকসুদপুর থানার কার্যক্রম গোপালগঞ্জ সদর থানা থেকে পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত থানা পুনর্গঠন ও কার্যক্রম চালুর বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সদর দপ্তর পদক্ষেপ নিচ্ছে। তবে বর্তমান পরিস্থিতিতে সেখানে থানা পরিচালনার উপযোগী পরিবেশ নেই বলে জানান তিনি। পরিস্থিতি স্বাভাবিক হলে সেবা ও উন্নয়ন কার্যক্রম পুনরায় চালুর কথাও বলেন ইউএনও।

স্থানীয় সাংবাদিক, রাজনীতিক ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলা সদরের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও টুঙ্গিপাড়া ও মুকসুদপুরে পুলিশি কার্যক্রম এখনো সীমিত। সাধারণ মানুষও বিভিন্ন প্রয়োজনে প্রশাসনের কাছে যেতে অনীহা দেখাচ্ছেন। এমনকি স্থানীয়ভাবে মারামারির ঘটনা ঘটলেও অনেকে পুলিশ বা প্রশাসনের দ্বারস্থ হতে চাইছেন না বলে জানিয়েছেন এক সাংবাদিক।

সহিংসতার পর গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলার সঙ্গে অন্যান্য এলাকার রেল যোগাযোগও বন্ধ রয়েছে। কবে ট্রেন চলাচল শুরু হবে, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। গোপালগঞ্জের স্টেশন মাস্টার রত্না বৈদ্য জানান, নতুন করে ট্রেন চালুর সিদ্ধান্ত হলে তাঁকে অবহিত করা হবে বলে জানানো হয়েছে।

স্থানীয় বিএনপি নেতাদের ভাষ্য, চলতি মাসের শেষ দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি রয়েছে। দলটির সভানেত্রী শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফেরার কর্মসূচিও ঘোষণা করেছেন। এসব কর্মসূচিকে ঘিরে নতুন সহিংসতার আশঙ্কা করছেন স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক মহলের একাংশ। তাঁদের ধারণা, আবারও সংঘাত হলে সরকারি স্থাপনাগুলো হামলার লক্ষ্য হতে পারে। এ কারণে ক্ষতিগ্রস্ত থানা ভবনসহ অন্যান্য স্থাপনার সংস্কার শুরু করা হচ্ছে না। রেল চলাচল বন্ধ রাখার পেছনেও ট্রেন ও স্টেশনের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।

সেলিমুজ্জামান সেলিমের মতে, ট্রেন বা স্টেশনে বড় ধরনের ঘটনা ঘটলে ক্ষতির পরিমাণ অনেক বেশি হতে পারে এবং সাধারণ মানুষই বেশি ভুক্তভোগী হবেন। তাই সাময়িকভাবে রেল চলাচল বন্ধ রাখার সিদ্ধান্তকে তিনি সমর্থন করেন। পুরো জেলার স্বার্থ বিবেচনায় সরকার ব্যবস্থা নিয়েছে বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে ড. ইফতেখারুজ্জামান মনে করেন, গোপালগঞ্জের পরিস্থিতি মোকাবিলায় সরকার এক ধরনের দ্বিধার মধ্যে রয়েছে এবং বলপ্রয়োগ ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে তাঁর মতে, সহিংসতা নিয়ন্ত্রণের উদ্যোগ নিতে গিয়ে প্রশাসনিক কার্যক্রম ও নাগরিক সেবা পাওয়ার অধিকার খর্ব করা উচিত নয়। কারণ এসব কার্যক্রম স্থগিত থাকলে তার চাপ শেষ পর্যন্ত সাধারণ মানুষের ওপরই পড়ে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/24269 ,   Print Date & Time: Thursday, 26 November 2026, 03:54:08 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh