![]()
ইবি রিপোর্ট
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে বাংলাদেশের জুলাই গণ-অভ্যুত্থান, শহীদদের আত্মত্যাগ এবং বর্তমান সরকারের ক্ষমতা গ্রহণের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত হ্যারি কে টমাস। নিউইয়র্কে অনুষ্ঠিত ওই আয়োজনে তিনি বলেছেন, বাংলাদেশের মানুষ গত ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে নিজেদের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করেছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের বিষয়টিকেও স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
স্থানীয় সময় মঙ্গলবার নিউইয়র্কে ‘ঢাকা কোন পথে: বাংলাদেশ আজ ও আগামীকাল’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন হ্যারি কে টমাস। নিজেদের প্রচারণার অংশ হিসেবে অনুষ্ঠানটির আয়োজন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তবে সেখানে তার বক্তব্য দলটির নেতাকর্মীদের প্রত্যাশার সঙ্গে পুরোপুরি মেলেনি।
আলোচনায় বর্তমান সরকারের শ্রম সংস্কার, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের সময়সীমা বাড়াতে কূটনৈতিক তৎপরতা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা সম্প্রসারণের প্রশংসা করেন সাবেক এই রাষ্ট্রদূত।
গণতন্ত্রের বিষয়ে হ্যারি টমাস বলেন, বহুদলীয় গণতন্ত্র কোনো দেশের ওপর বাইরে থেকে চাপিয়ে দেওয়া যায় না। জনগণকেই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করতে হয়। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের মানুষ সেই সিদ্ধান্ত নিয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, শিক্ষার্থীদের নেতৃত্বে সংঘটিত আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসান ঘটে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কমিশনের হিসাব অনুযায়ী, ওই ঘটনায় নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ পর্যন্ত হতে পারে। নিহতদের অনেকেই নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন।
এ ছাড়া উত্তেজিত জনতার হামলায় ৪৪ জন পুলিশ সদস্য এবং নিরাপত্তা বাহিনীর আরও আট সদস্য নিহত হওয়ার কথাও উল্লেখ করেন তিনি। হ্যারি টমাস বলেন, নিহত এসব সদস্যের কথাও স্মরণ করা প্রয়োজন।
জুলাইয়ের ঘটনায় বিশেষভাবে রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ এবং নারায়ণগঞ্জে ছাদে সংঘর্ষ দেখার সময় প্রাণ হারানো ছয় বছরের শিশুর কথা তুলে ধরেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত। তাদের আত্মত্যাগের কারণেই বাংলাদেশ আজকের গণতন্ত্র পেয়েছে বলে মন্তব্য করেন তিনি। তার ভাষায়, ‘এখন আমরা যা-ই বলি না কেন, সবার আগে তাদের আত্মত্যাগের কথা স্মরণ করা উচিত।’
গত ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন প্রসঙ্গে হ্যারি টমাস বলেন, ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। নির্বাচনের ফলাফল নিয়ে কারও ভিন্নমত থাকতে পারে। তবে ভোটের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের বিষয়টি স্বীকার করা উচিত।
সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধীদলীয় নেতাকে আমন্ত্রণ জানানোর যে উদ্যোগ নিয়েছেন, সেটিরও প্রশংসা করেন তিনি। এ সময় বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার বিষয়ে চলমান আলোচনার জবাবে হ্যারি টমাস বলেন, যুক্তরাষ্ট্র মোটেও বাংলাদেশ থেকে সরে যায়নি।
তিনি জানান, ২০২৬ সালে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তরের (ওসিএইচএ) যৌথ তহবিলে ৩০ কোটি ডলার দিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি বাংলাদেশের মানুষের স্বাস্থ্য কর্মসূচিতে প্রায় ১০ কোটি ডলার অর্থায়ন করছে ওয়াশিংটন। এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় দ্বিপক্ষীয় কর্মসূচি, যা এখনো চালু রয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে হ্যারি টমাস বলেন, ঢাকা বর্তমানে ‘কৌশলগত বাস্তববাদ’ ও ‘বহুমুখী কূটনীতি’ অনুসরণ করছে। যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে পক্ষ-বিপক্ষের অবস্থান এড়িয়ে কৌশলগত ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে বাংলাদেশ। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এমন ভারসাম্যপূর্ণ নীতি দেশের জন্য ইতিবাচক বলে মনে করেন তিনি।