• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > দুই নগরের পানি ও পয়ঃব্যবস্থা উন্নয়নে সরকারের ১২৬ কোটি টাকার উদ্যোগ

দুই নগরের পানি ও পয়ঃব্যবস্থা উন্নয়নে সরকারের ১২৬ কোটি টাকার উদ্যোগ

  • বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১৩:১৬
  • ১৭

---

ইবি রিপোর্ট  

খুলনা ও চট্টগ্রাম নগরীর পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়নে ১২৬ কোটি টাকার বেশি ব্যয়ের দুটি প্রস্তাব অনুমোদন করেছে সরকার। এর মধ্যে খুলনায় পানি উৎপাদন বাড়াতে গভীর নলকূপ নির্মাণ এবং চট্টগ্রামে পয়ঃনিষ্কাশন প্রকল্পের অবশিষ্ট কাজ তদারকিতে পরামর্শক সেবা অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। দুই প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ১২৬ কোটি ৩৫ লাখ ১২ হাজার ২২৫ টাকা।

বুধবার (২৫ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাব দুটি অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, খুলনা পানি সরবরাহ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে গভীর নলকূপ নির্মাণে ব্যয় হবে ১০৪ কোটি ৬২ লাখ ৫৪ হাজার ৮০৯ টাকা। এ কাজের দায়িত্ব পেয়েছে আরএফএল প্লাস্টিকস লিমিটেড। প্রকল্পের অর্থায়নে সরকারের পাশাপাশি এশীয় উন্নয়ন ব্যাংকও যুক্ত রয়েছে।

নলকূপ নির্মাণের পাশাপাশি প্রকল্পের আওতায় পাম্প, মোটর, পানির প্রবাহ নিয়ন্ত্রণের যন্ত্র, পাম্প স্থাপনের ঘর এবং বৈদ্যুতিক অবকাঠামো নির্মাণ করা হবে। কাজ শেষ হওয়ার পর দুই বছর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বও পালন করবে ঠিকাদারি প্রতিষ্ঠান।

আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে কাজটি দেওয়ার প্রক্রিয়ায় চারটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব জমা দেয়। তবে কারিগরি যাচাইয়ে মাত্র একটি প্রতিষ্ঠান গ্রহণযোগ্য বিবেচিত হয়। দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশের ভিত্তিতে আরএফএল প্লাস্টিকস লিমিটেডকে কাজ দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে।

প্রস্তাবটি এর আগে গত ২০ মে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে উঠেছিল। তখন দরপত্রে সুপারিশ করা ব্যয় উন্নয়ন প্রকল্প প্রস্তাবে বরাদ্দ অর্থের চেয়ে কম থাকায় প্রকল্পের বরাদ্দ সংশোধন করে পুনরায় প্রস্তাব জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সংশোধিত প্রস্তাবটি অনুমোদনের জন্য আবার উপস্থাপন করা হয়। অনুমোদিত দর সরকারি প্রাক্কলনের চেয়ে ৬ দশমিক ৮ শতাংশ বেশি।

২০২৫ সালের ১৭ সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে খুলনা প্রকল্পটি অনুমোদন পায়। ২০২৫ সালের ১ অক্টোবর কাজ শুরু হওয়া প্রকল্পটির মেয়াদ ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারিত রয়েছে।

অন্যদিকে, চট্টগ্রাম মহানগরের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা স্থাপন প্রকল্পের পরামর্শক সেবার মেয়াদ ও ব্যয় বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে সরকার। এ জন্য অতিরিক্ত ২১ কোটি ৭২ লাখ ৫৭ হাজার ৪১৬ টাকা ব্যয় হবে। ফলে পরামর্শক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সংশোধিত চুক্তির মোট মূল্য দাঁড়াবে ১০৩ কোটি ৮০ লাখ ৫৯ হাজার ৯৯৭ টাকা।

২০১৯ সালের ২৩ অক্টোবর অনুমোদনের পর মালয়েশিয়ার ইরিনকো এসএনডি বিএইচডি এবং বাংলাদেশের বিইটিএস কনসালটিং সার্ভিসেস, ডেভকনসালট্যান্টস ও ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং যৌথভাবে পরামর্শক হিসেবে নিয়োগ পায়। তখন তাদের সঙ্গে ৮২ কোটি ৮ লাখ ২ হাজার ৫৮০ টাকার চুক্তি হয়েছিল। চুক্তির মেয়াদ গত ৩০ জুন শেষ হলেও প্রকল্পের নকশা পরিবর্তন, বরাদ্দ সংশোধন ও সময় বাড়ানোর কারণে পরামর্শক সেবা চালিয়ে যাওয়ার প্রয়োজন দেখা দিয়েছে।

প্রকল্পের অবশিষ্ট ২৪ শতাংশ কাজ সম্পন্ন করতে তিনটি নকশা ও নির্মাণভিত্তিক চুক্তির কার্যক্রম পরিচালনা, গুণগত মান যাচাই, নির্মাণ তদারকি এবং চুক্তি ব্যবস্থাপনায় পরামর্শকদের ভূমিকা প্রয়োজন বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে জটিল নির্মাণকাজ ও বিদেশি কর্মীদের কার্যক্রম তদারকিতে তাদের সহায়তা অব্যাহত রাখার কথা বলা হয়েছে। অতিরিক্ত ব্যয় মূল চুক্তির তুলনায় ২৬ দশমিক ৪৭ শতাংশ বেশি।

চট্টগ্রামের সংশোধিত প্রকল্পটি ২০২৫ সালের ২০ এপ্রিল অনুমোদন পায়। ২০১৮ সালের ১ জুলাই শুরু হওয়া প্রকল্পটির মেয়াদ ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত। দুই নগরের প্রকল্পে নতুন অর্থ অনুমোদনের ফলে অবকাঠামোগত কাজ এগিয়ে নেওয়ার পাশাপাশি বাস্তবায়ন ও তদারকির কার্যক্রমও অব্যাহত রাখার সুযোগ তৈরি হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/24256 ,   Print Date & Time: Thursday, 26 November 2026, 10:53:28 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh