![]()
ইবি রিপোর্ট
আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের রাজধানীর গুলশানের বাসায় গ্রেফতারি পরোয়ানা নিয়ে হাজির হয়েছে পুলিশ। শেখ হাসিনার মানহানির অভিযোগে নড়াইলে দায়ের করা একটি মামলায় আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই)। তবে মামলাটির কার্যক্রম হাইকোর্টের একটি বেঞ্চে স্থগিত রয়েছে বলে জানা গেছে।
বুধবার (২৫ নভেম্বর) সকালে গুলশান থানার এক এসআই মাহমুদুর রহমানের বাসায় যান। ওই সময় তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আমন্ত্রণে বঙ্গভবনে আয়োজিত একটি মতবিনিময় সভায় অংশ নিতে বাসা থেকে বের হচ্ছিলেন। ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক হিসেবে ওই সভায় তার যোগ দেওয়ার কথা ছিল।
পুলিশ কর্মকর্তা মাহমুদুর রহমানকে জানান, শেখ হাসিনার মানহানির অভিযোগে নড়াইলে দায়ের করা মামলায় নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। সেই পরোয়ানা কার্যকর করতেই তিনি বাসায় এসেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, মামলাটি ২০১৮ সালের ১১ এপ্রিল নড়াইল সদর থানায় দায়ের করা হয়। মামলার বাদী নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল। মাহমুদুর রহমান ছাড়াও এ মামলায় আসামি করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক উপরাষ্ট্রপতি ব্যারিস্টার মওদুদ আহমদ এবং বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি এম এ হালিমকে।
ব্যারিস্টার মওদুদ আহমদ ২০২১ সালের ১৬ মার্চ মারা যান। মামলায় বাংলাদেশ দণ্ডবিধির মানহানিসংক্রান্ত ৫০০, ৫০১ ও ৫০৫ ধারার পাশাপাশি ১২৩(ক) ও ১২৪(ক) ধারায় অভিযোগ আনা হয়েছে।
এদিকে, মামলাটির কার্যক্রম হাইকোর্টের একটি বেঞ্চ স্থগিত করেছেন। চলতি বছরের ২৯ আগস্ট নড়াইলের ম্যাজিস্ট্রেট আদালতের এক আদেশেও মামলার কার্যক্রম স্থগিত থাকার বিষয়টি উল্লেখ করা হয়েছে। মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বছরের ২৭ জানুয়ারি।
তথ্য অনুযায়ী, মাহমুদুর রহমানের বিরুদ্ধে জারি হওয়া পরোয়ানার নম্বর আর-১৬/২৬। এটি ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর জারি করা হয়েছিল। স্থগিত থাকা মামলার ওই পরোয়ানা কার্যকরের জন্যই পুলিশ তার বাসায় উপস্থিত হয়।
এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর বাংলা ট্রিবিউনকে বলেন, মাহমুদুর রহমানের বাসায় কেন পুলিশ গিয়েছিল, তা খোঁজ নিয়ে জানতে হবে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, জুলাই আন্দোলনের পর ২৮ মাসে অন্তর্বর্তী সরকার ও বর্তমান সরকার দায়িত্ব পালন করছে। আইনমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহারের তথ্য সংসদে জানিয়েছেন। তবে মাহমুদুর রহমানসহ আমার দেশ-এর সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো এখনও চলমান রয়েছে। নির্ধারিত দিনে আদালতে হাজির না হলে এসব মামলায় গ্রেফতারি পরোয়ানাও জারি হচ্ছে।