![]()
ইবি রিপোর্ট
রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা উদ্যান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশের প্রাথমিক তদন্তে, দলীয় কর্মসূচিতে লোক জড়ো করা, অর্থ সহায়তা দেওয়া এবং কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদপুরের ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আক্তারুজ্জামান উজ্জ্বল ও আল মাসুদ জনি। বৃহস্পতিবার সকালে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ঢাকা উদ্যান এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পাওয়া প্রাথমিক তথ্য যাচাই-বাছাই করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার দুজন আওয়ামী লীগের মিছিল ও সমাবেশে অংশগ্রহণকারীদের জড়ো করার কাজ করতেন। পাশাপাশি দলীয় বিভিন্ন কর্মসূচি পরিচালনায় অর্থ দিয়ে সহায়তা করতেন বলেও তথ্য পাওয়া গেছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও তারা ফোনে যোগাযোগ রাখতেন। ঢাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনার অংশ হিসেবে তারা এলাকায় অবস্থান করছিলেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
এদিকে গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। তাদের কর্মকাণ্ড ও সংশ্লিষ্টতার বিষয়ে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মোহাম্মদপুর থানার পুলিশ জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।