• হোম > দেশজুড়ে | মানিকগঞ্জ > মানিকগঞ্জের স্কুলছাত্রীকে ঢাকায় আটকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার চীনা নাগরিক

মানিকগঞ্জের স্কুলছাত্রীকে ঢাকায় আটকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার চীনা নাগরিক

  • বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩০
  • ১৩

---

ইবি রিপোর্ট  

টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে মানিকগঞ্জের ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ঢাকায় নিয়ে একটি বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে চীনা নাগরিক চেন ইয়ংয়ের বিরুদ্ধে। স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হওয়ার ছয় দিন পর ঢাকার উত্তরা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। একই অভিযানে অভিযুক্ত চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় গ্রেপ্তার চেন ইয়ংকে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দোলন বিশ্বাস।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৭ নভেম্বর স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় ওই শিক্ষার্থী। এ ঘটনায় পরদিন তার বাবা মানিকগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর থেকে নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে তদন্ত শুরু করে পুলিশ।

নিখোঁজের ছয় দিন পর, ২৪ নভেম্বর রাতে ওই শিক্ষার্থী তার বড় বোনের সঙ্গে ফোনে যোগাযোগ করে। ফোনে সে জানায়, টিকটকের মাধ্যমে চেন ইয়ংয়ের সঙ্গে তার পরিচয় হয়েছিল। পরে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে একটি বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলেও পরিবারের সদস্যদের জানায় সে।

শিক্ষার্থীর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিষয়টি পুলিশকে জানান তার বড় বোন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার উত্তরা এলাকায় শিক্ষার্থীর অবস্থান শনাক্ত করা হয়। এরপর মানিকগঞ্জ সদর থানা পুলিশের একটি দল উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসায় অভিযান চালায়। সেখান থেকেই নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার এবং চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়।

অভিযানের সময় চেন ইয়ংয়ের কাছ থেকে একটি চীনা পাসপোর্ট, দুটি মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় চেন ইয়ংকে আসামি করে এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা।

মানিকগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুলুস খান পাঠান জানান, শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় জিডি হওয়ার পর পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করে। পরবর্তী সময়ে তার বড় বোনের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার উত্তরা এলাকায় অভিযান চালিয়ে শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। একই সঙ্গে চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, টিকটকের মাধ্যমে পরিচয়ের পর বিভিন্ন প্রলোভন দেখিয়ে মানিকগঞ্জের একটি রেস্টুরেন্ট থেকে ওই শিক্ষার্থীকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল। পরে একটি বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে শিক্ষার্থী পুলিশকে জানিয়েছে।

এ ঘটনায় শিক্ষার্থীর বাবার দায়ের করা মামলায় গ্রেপ্তার চেন ইয়ংকে আদালতে পাঠানো হয়েছে। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/24239 ,   Print Date & Time: Thursday, 26 November 2026, 11:21:22 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh