• হোম > জলবায়ু ও পরিবেশ | দেশজুড়ে > চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস

  • বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২৩
  • ১৪

---

ইবি রিপোর্ট

চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে জেলার তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে। চলতি মৌসুমে এটিই জেলার সর্বনিম্ন তাপমাত্রা। তাপমাত্রা কমার পাশাপাশি কুয়াশা ও হিমেল বাতাসে শীতের অনুভূতি বেড়েছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। একই সঙ্গে শীতজনিত অসুস্থতায় শিশু ও বয়স্কদের হাসপাতালে আসার সংখ্যাও বাড়ছে।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ওই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, চলতি মৌসুমে এটিই জেলার সর্বনিম্ন তাপমাত্রা। তাপমাত্রা হ্রাসের পাশাপাশি কুয়াশা ও ঠান্ডা বাতাসের কারণে শীত বেশি অনুভূত হচ্ছে।

শীতের প্রভাব পড়েছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালেও। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের তথ্য অনুযায়ী, গত সপ্তাহের তুলনায় হাসপাতালের বহির্বিভাগে রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। রোগীদের মধ্যে শিশু ও বয়স্কদের উপস্থিতি বেশি। রোটা ভাইরাসজনিত ডায়রিয়া, সর্দি-কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে তাঁরা চিকিৎসা নিতে আসছেন।

অন্যদিকে শীতের আগমনে ব্যস্ততা বেড়েছে মৌসুমি খেজুর গাছিদের। খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি হিসেবে তাঁরা গাছে নল বসানোর কাজ শুরু করেছেন। গাছিদের আশা, কয়েক দিনের মধ্যেই বাজারে পাওয়া যাবে টাটকা খেজুরের রস ও গুড়।

চুয়াডাঙ্গা সদর উপজেলার দীননাথপুর গ্রামের তরুণ গাছি সাদ্দাম হোসেন জানান, খেজুর গাছ থেকে রস সংগ্রহ তাঁদের পারিবারিক পেশা। তাঁর বাবা ও দাদারাও এ কাজের সঙ্গে যুক্ত ছিলেন। পারিবারিক ঐতিহ্য ধরে রেখে তিনিও পেশাটিতে যুক্ত হয়েছেন। কয়েক দিনের মধ্যে রস সংগ্রহ শুরু হবে বলে আশা করছেন তিনি। অন্য বছরের মতো এবারও উৎপাদিত গুড় দেশের বিভিন্ন এলাকায় পাঠানোর পাশাপাশি বিদেশে রপ্তানির পরিকল্পনা রয়েছে বলে জানান সাদ্দাম।

তবে শীতের কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন নিম্ন আয়ের ও শ্রমজীবী মানুষ। জীবিকার প্রয়োজনে ভোরের ঠান্ডা উপেক্ষা করে রিকশা, ভ্যান ও ঠেলাগাড়ি নিয়ে তাঁদের রাস্তায় নামতে হচ্ছে। কিন্তু সকালে শীতের কারণে যাত্রী ও কাজের সুযোগ কম থাকায় আয়ও কমে যাচ্ছে।

চুয়াডাঙ্গা শহরের রিকশাচালক জালাল উদ্দিন জানান, গত দুই দিন ধরে ভোরে বাড়ি থেকে বের হলেই ঠান্ডায় শরীর কাঁপে। রাস্তায় যাত্রীও আগের তুলনায় কম পাওয়া যাচ্ছে। তবু জীবিকার তাগিদে ঠান্ডা উপেক্ষা করেই তাঁকে রিকশা চালাতে হচ্ছে।

দিনমজুর রফিকুল ইসলাম বলেন, শীত বাড়লে কাজের সুযোগ কমে যায়। সকালে কেউ তেমন কাজে ডাকেন না। দুপুরে রোদ ওঠার পর মাঠে কাজ করার সুযোগ তৈরি হয়।

আবহাওয়ার এই পরিবর্তনে চুয়াডাঙ্গায় শীতের প্রভাব বাড়ছে। তাপমাত্রা আরও কমলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/24235 ,   Print Date & Time: Thursday, 26 November 2026, 11:35:28 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh