![]()
ইবি রিপোর্ট
আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত গুম ও হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে আজ চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন করবেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। এ সময় বাংলাদেশের আইন ও বিচারব্যবস্থার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের অপরাধের বিচারে আন্তর্জাতিক ও দেশীয় ট্রাইব্যুনালের নজির তুলে ধরার কথা রয়েছে তাঁর।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ যুক্তিতর্ক উপস্থাপনের কথা রয়েছে। চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে। বিচারপ্রক্রিয়াটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), ট্রাইব্যুনালের ফেসবুক পেজ ও বিভিন্ন গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।
অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, তাঁর বক্তব্য শুধু বাংলাদেশের আইন ও বিচারব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক অপরাধ কিংবা দেশীয় ট্রাইব্যুনালে এ ধরনের অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের নজিরও তিনি তুলে ধরবেন।
এর আগে বুধবার (২৫ নভেম্বর) মামলাটির দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তাঁরা জিয়াউল আহসানের বিচারপ্রক্রিয়ার ন্যায়সংগততা তুলে ধরে বিভিন্ন তথ্য ও আইনি ব্যাখ্যা উপস্থাপন করেন। আজকের সমাপনী পর্যায়ে আসামিকে দোষী সাব্যস্ত করা এবং তাঁর দণ্ডের বিষয়ে রাষ্ট্রপক্ষের যুক্তি তুলে ধরা হবে।
গত ২৪ নভেম্বর মামলাটির যুক্তিতর্ক শুরু হয়। প্রথম দিন চিফ প্রসিকিউটর জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগ ও মামলার ঘটনাবলি তুলে ধরেন।
এর আগে ২২ নভেম্বর জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি। এ সময় তিনি মামলাসংক্রান্ত কয়েকটি কাগজপত্র ও ভিডিও উপস্থাপন করেন। ১৯ নভেম্বর মামলার ১৫তম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জেরার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়।
প্রসিকিউশনের পক্ষ থেকে জিয়াউল আহসানের বিরুদ্ধে তিনটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগ অনুযায়ী, ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে সড়কের পাশে জিয়াউল আহসানের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যা করা হয়।
দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে, ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খালসংলগ্ন বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যা করা হয়।
তৃতীয় অভিযোগেও একই সময়ে ৫০ জনকে হত্যার কথা উল্লেখ করেছে প্রসিকিউশন। অভিযোগ অনুযায়ী, বরগুনার বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের বিভিন্ন এলাকায় তথাকথিত বনদস্যু দমনের আড়ালে মাসুদসহ এসব ব্যক্তিকে হত্যা করা হয়।
এসব অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ২৩ ডিসেম্বর জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল-১। এর আগে ১৭ ডিসেম্বর তাঁর বিরুদ্ধে আনা তিনটি অভিযোগ আমলে নেওয়া হয় এবং একই দিন প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেয়।