• হোম > অর্থনীতি > বাংলাদেশে ৩০ কোটি ডলার বিনিয়োগ করবে তুরস্কের সানকো হোল্ডিং

বাংলাদেশে ৩০ কোটি ডলার বিনিয়োগ করবে তুরস্কের সানকো হোল্ডিং

  • বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১৮:৪৩
  • ৪

---

ইবি রিপোর্ট

বাংলাদেশের বস্ত্র ও ডেনিম শিল্পে বড় বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে তুরস্কের শিল্পগোষ্ঠী সানকো হোল্ডিং। দেশীয় প্রতিষ্ঠান ডিবিএল গ্রুপের সঙ্গে যৌথভাবে মৌলভীবাজারের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে আধুনিক ডেনিম উৎপাদন কারখানা স্থাপন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এ প্রকল্পে ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। কারখানাটি চালু হলে সরাসরি কর্মসংস্থান হবে প্রায় ৪ হাজার ৪০০ মানুষের।

বুধবার (২৫ নভেম্বর) ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠক করেন সানকো হোল্ডিংয়ের প্রতিনিধিরা। এ সময় প্রস্তাবিত প্রকল্পে বিনিয়োগের প্রতিশ্রুতি আবারও নিশ্চিত করেন তারা। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন প্রতিষ্ঠানটির বোর্ডের ভাইস চেয়ারম্যান ফাতিহ কোনুকোগ্লু এবং বোর্ড সদস্য হাকান কোনুকোগ্লু।

প্রস্তাবিত শিল্পকারখানায় ডেনিম কাপড় তৈরির পাশাপাশি একটি সমন্বিত স্পিনিং ইউনিট স্থাপন করা হবে। পরিকল্পনা অনুযায়ী, কারখানাটিতে প্রতি মাসে প্রায় ১ কোটি মিটার ডেনিম কাপড় উৎপাদন করা সম্ভব হবে। ২০২৮ সালের প্রথম প্রান্তিকে এর বাণিজ্যিক উৎপাদন শুরুর লক্ষ্য নির্ধারণ করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।

রপ্তানিনির্ভর এই কারখানা চালু হলে দেশের টেক্সটাইল শিল্পের পশ্চাৎ-সংযোগ কার্যক্রম সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে সুতা ও কাপড় উৎপাদনের সক্ষমতা বাড়বে। এর ফলে তৈরি পোশাক ও বস্ত্র খাতের রপ্তানি আয় বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতা জোরদার হওয়ার সুযোগ তৈরি হবে।

সানকো হোল্ডিং একটি পারিবারিক মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠান। ১৯০৪ সালে টেক্সটাইল ব্যবসার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। বর্তমানে বস্ত্র, নবায়নযোগ্য জ্বালানি, নির্মাণ, প্যাকেজিং ও অর্থায়নসহ বিভিন্ন খাতে তাদের কার্যক্রম বিস্তৃত।

প্রতিষ্ঠানটির ডেনিম বিভাগ ইসকো বিশ্বের অন্যতম বৃহৎ ডেনিম কাপড় উৎপাদনকারী প্রতিষ্ঠান। বছরে তাদের ডেনিম উৎপাদন সক্ষমতা প্রায় ২৫ থেকে ৩০ কোটি মিটার। বিশ্বের ৬০টিরও বেশি দেশে ইসকোর পণ্য ও সেবা সরবরাহ করা হয়। পাশাপাশি তুরস্কের প্রথম মন্ত্রণালয়-অনুমোদিত টেক্সটাইল গবেষণা ও উন্নয়ন কেন্দ্র পরিচালনা করে প্রতিষ্ঠানটি।

সানকো হোল্ডিংয়ের প্রতিনিধিদলে আরও ছিলেন প্রধান আর্থিক কর্মকর্তা মুস্তাফা গুনবুলুত, প্রধান কৌশল কর্মকর্তা চাগাতায় আবরাস এবং আঞ্চলিক প্রধান ব্যবস্থাপক তেজকান বালতাস।

বৈঠকে ডিবিএল গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার, ট্রেজারি প্রধান জাকারিয়া চৌধুরী এবং গ্রুপ রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রধান জুয়েল জাব্বার। এ ছাড়া ইনভেস্ট বাংলাদেশের সদস্য (ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট) নাহিয়ান রহমান রচিও বৈঠকে অংশ নেন।

ইনভেস্ট বাংলাদেশের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক থেকে সানকো হোল্ডিং প্রতিষ্ঠানটির ১৩০ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ পাইপলাইনে রয়েছে। প্রাথমিক আগ্রহকে বিনিয়োগের প্রতিশ্রুতিতে রূপ দিতে প্রতিষ্ঠানটির সঙ্গে নিয়মিত যোগাযোগ, ফলোআপ এবং বিনিয়োগকারী সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে সংস্থাটি।

প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের ডেনিম ও টেক্সটাইল শিল্পে উৎপাদন সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় সরবরাহব্যবস্থা আরও সম্প্রসারিত হবে। এ বিনিয়োগ কার্যক্রম এগিয়ে নিতে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে ইনভেস্ট বাংলাদেশ।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/24217 ,   Print Date & Time: Wednesday, 25 November 2026, 01:15:52 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh