• হোম > অর্থনীতি > ছয় মিউচুয়াল ফান্ডের দায়িত্ব ফিরে পাচ্ছে না এলআর গ্লোবাল

ছয় মিউচুয়াল ফান্ডের দায়িত্ব ফিরে পাচ্ছে না এলআর গ্লোবাল

  • বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১৮:০০
  • ১২

---

ইবি রিপোর্ট

ছয়টি মেয়াদি মিউচুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপকের দায়িত্ব ফিরে পেতে এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্টের করা পুনর্বিবেচনার আবেদন নাকচ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত মঙ্গলবার অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

২০২৪ সালের ১৩ জুন সমকালে প্রকাশিত ‘ওয়াল স্ট্রিট খেয়ে রিয়াজ এখন মতিঝিলপাড়ায়’ শিরোনামের প্রতিবেদনে এলআর গ্লোবালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিয়াজ ইসলামের বিরুদ্ধে ছয়টি মিউচুয়াল ফান্ডের অর্থ ব্যবহার করে বন্ধ কোম্পানির মালিকানা কেনার বিষয়টি তুলে ধরা হয়েছিল। এতে বিনিয়োগকারীদের বড় ধরনের আর্থিক ক্ষতির অভিযোগও উঠে আসে। জুলাই গণঅভ্যুত্থানের পর এ বিষয়ে বিশেষ তদন্ত করে বিএসইসি। তদন্তে আইন লঙ্ঘন করে বিনিয়োগের অভিযোগের প্রমাণ পায় কমিটি।

বিএসইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিকিউরিটিজ আইন ও বিধিবিধান লঙ্ঘন করে কোয়েস্ট বিডিসি (সাবেক পদ্মা প্রিন্টার্স) নামের একটি বন্ধ ও রুগ্‌ণ কোম্পানির শেয়ার অস্বাভাবিক দামে ছয়টি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে কেনা হয়েছিল। এর ফলে ফান্ডগুলোর ইউনিটহোল্ডাররা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েন। অভিযোগের প্রমাণ পাওয়ার পর গত ১ জুলাই অনুষ্ঠিত কমিশন সভায় ছয় ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্টের নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নেয় বিএসইসি। ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করেছিল প্রতিষ্ঠানটি। তবে সর্বশেষ সভায় আবেদনটি গ্রহণ না করার সিদ্ধান্ত হয়েছে।

এলআর গ্লোবালের ব্যবস্থাপনাধীন ছয়টি ফান্ড হলো এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১, এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড ওয়ান, এআইবিএল প্রথম ইসলামিক মিউচুয়াল ফান্ড, এমবিএল প্রথম মিউচুয়াল ফান্ড, ডিবিএইচ প্রথম মিউচুয়াল ফান্ড এবং গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড।

কমিশন সভায় আরও দুটি সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে কেবল ‘এ’ ক্যাটেগরির সব তালিকাভুক্ত কোম্পানি অথবা অন্তত ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা কোম্পানিগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করতে পারবে। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।

এ ছাড়া এসএমই বোর্ডে শেয়ার কেনাবেচার ক্ষেত্রে যোগ্য ব্যক্তি বিনিয়োগকারীদের ন্যূনতম বিনিয়োগসীমা ৩০ লাখ টাকা থেকে কমিয়ে ১০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। সংশোধিত আদেশ জারির তারিখ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

এদিকে শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। সোমবার সামান্য পতনের পর মঙ্গলবার আবারও বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক। সর্বশেষ ১১ কর্মদিবসের মধ্যে ৯ দিনই সূচক বেড়েছে। তবে এদিন দরবৃদ্ধির তুলনায় দরপতন হওয়া কোম্পানির সংখ্যা ছিল বেশি।

দিন শেষে ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৫টি কোম্পানির মধ্যে ১৩৬টির শেয়ারদর বেড়েছে, কমেছে ১৬৬টির। এরপরও ডিএসইএক্স প্রায় ৩১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৮৮ পয়েন্ট ছাড়িয়েছে।

সূচকের এই বৃদ্ধিতে প্রধান ভূমিকা রেখেছে ব্যাংক খাত। এদিন লেনদেন হওয়া ৩১টি ব্যাংকের মধ্যে ২০টির শেয়ারদর বেড়েছে, কমেছে মাত্র দুটির। বাকি ৯টির দর অপরিবর্তিত ছিল। এ খাতের শেয়ারদর গড়ে ২ শতাংশ বাড়ায় সূচকে যোগ হয়েছে ৩৪ পয়েন্ট।

ব্যাংক খাতের বাইরে আর্থিক প্রতিষ্ঠান, প্রকৌশল, সিরামিক এবং চামড়া ও চামড়াজাত পণ্য খাতের বেশির ভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে। তবে এসব খাতের বাজার মূলধন তুলনামূলক ছোট হওয়ায় সূচকে তাদের প্রভাব ছিল সীমিত। অন্যদিকে বীমাসহ অন্যান্য খাতের অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমেছে।

খাতভিত্তিক হিসাবে জ্বালানি ও বিদ্যুৎ খাতের ২৩টি কোম্পানির মধ্যে ১৮টির দর কমেছে। বস্ত্র খাতের ৫৮টির মধ্যে ৩৩টি এবং তথ্যপ্রযুক্তি খাতের ১১টির মধ্যে সাতটির শেয়ারদর হারিয়েছে। দরপতন হলেও লেনদেনের পরিমাণে শীর্ষে ছিল বস্ত্র খাত। এ খাতে ২৩৯ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। প্রায় ১৮৭ কোটি টাকার লেনদেন নিয়ে দ্বিতীয় স্থানে ছিল ব্যাংক খাত এবং প্রায় ১১৯ কোটি টাকার লেনদেন নিয়ে তৃতীয় স্থানে ছিল ওষুধ ও রসায়ন খাত।

মঙ্গলবার ডিএসইতে মোট ১ হাজার ৭৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ১৫৫ কোটি টাকা বেশি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/24211 ,   Print Date & Time: Wednesday, 25 November 2026, 12:19:25 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh