• হোম > অর্থনীতি | পুঁজিবাজার > প্রেফারেন্স শেয়ার ইস্যুর পরিমাণ ৩৫ কোটি টাকা বাড়াচ্ছে সিঙ্গার

প্রেফারেন্স শেয়ার ইস্যুর পরিমাণ ৩৫ কোটি টাকা বাড়াচ্ছে সিঙ্গার

  • বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১৭:১৮
  • ৬

---

ইবি রিপোর্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ লিমিটেড প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন সংগ্রহের পরিকল্পনায় পরিবর্তন এনেছে। আগের প্রস্তাবের তুলনায় ৩৫ কোটি টাকা বাড়িয়ে এবার ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ গত ২৩ নভেম্বর অনুষ্ঠিত সভায় আগের সুপারিশ সংশোধনের সিদ্ধান্ত নেয়। এর আগে গত ২৭ অক্টোবর ডিএসইর মাধ্যমে শেয়ার মূলধন বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছিল সিঙ্গার বাংলাদেশ। তখন ২৫০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুর প্রস্তাব করা হয়েছিল। নতুন সিদ্ধান্তে সেই পরিমাণ বাড়িয়ে ২৮৫ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

সংশোধিত প্রস্তাব অনুযায়ী, প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের মোট ২৮ কোটি ৫০ লাখ প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে কোম্পানিটি। এসব শেয়ারের মোট মূল্য দাঁড়াবে ২৮৫ কোটি টাকা, যা ২ কোটি ইউরোর সমপরিমাণ। তবে অর্থ পাওয়ার তারিখে ইউরোর বিপরীতে টাকার বিনিময় হার বিবেচনায় নিয়ে চূড়ান্ত টাকার অঙ্ক নির্ধারণ করা হবে।

নতুন প্রস্তাবের সঙ্গে সামঞ্জস্য রেখে কোম্পানিটির পরিচালনা পর্ষদ গত ২৬ অক্টোবর প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে। তবে আগের ঘোষণায় উল্লেখ করা অন্যান্য সিদ্ধান্ত অপরিবর্তিত থাকবে।

প্রেফারেন্স শেয়ার ইস্যুর প্রস্তাব বাস্তবায়নে শেয়ারহোল্ডারদের সম্মতি নেওয়া হবে। এ লক্ষ্যে আগামী ১৫ ডিসেম্বর বেলা ২টা ৩০ মিনিটে হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে।

এদিকে কোম্পানিটির আর্থিক প্রতিবেদনে লোকসানের চিত্র উঠে এসেছে। চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) সিঙ্গার বাংলাদেশের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১১ টাকা ৯৮ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে এ লোকসানের পরিমাণ ছিল ১১ টাকা ৪২ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১০ টাকা ২৯ পয়সা।

সর্বশেষ সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটির পরিচালনা পর্ষদ। ওই বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২২ টাকা ৫৬ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ৪ টাকা ৯১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১ টাকা ৬৯ পয়সা।

এর আগে ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল সিঙ্গার বাংলাদেশ। ওই বছর শেয়ারপ্রতি লোকসান হয় ৪ টাকা ৯১ পয়সা। এর আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় ছিল ৫ টাকা ২৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে এনএভিপিএস দাঁড়ায় ২৫ টাকা ৮১ পয়সা।

২০২৩ হিসাব বছরে ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। সে বছর শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৫ টাকা ২৪ পয়সা, আগের বছরে যা ছিল ৭৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে এনএভিপিএস দাঁড়ায় ৩৪ টাকা ৩ পয়সা। অন্যদিকে ২০২২ হিসাব বছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় সিঙ্গার। ওই বছর ইপিএস ছিল ৭৩ পয়সা, আগের বছরে যা ছিল ৫ টাকা ২০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে এনএভিপিএস দাঁড়ায় ২৯ টাকা ৯৭ পয়সা।

১৯৮৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিঙ্গার বাংলাদেশের অনুমোদিত মূলধন ২৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৯৯ কোটি ৭০ লাখ ৩০ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৯ কোটি ৯৭ লাখ ২ হাজার ৮৩৮টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে ৫৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৯ দশমিক ২৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে অবশিষ্ট ১৩ দশমিক ৭৫ শতাংশ শেয়ার রয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/24207 ,   Print Date & Time: Wednesday, 25 November 2026, 11:37:10 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh