• হোম > অর্থনীতি | ব্যাংক > খেলাপি ঋণ আদায়ে আইনি দক্ষতা বাড়াচ্ছে ব্র্যাক ব্যাংক

খেলাপি ঋণ আদায়ে আইনি দক্ষতা বাড়াচ্ছে ব্র্যাক ব্যাংক

  • বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১৭:০৭
  • ৩১

---

ইবি রিপোর্ট

খেলাপি ঋণ আদায় এবং সংশ্লিষ্ট মামলার কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে পরিচালনার লক্ষ্যে আইনি প্রশিক্ষণে জোর দিয়েছে ব্র্যাক ব্যাংক। এ উদ্দেশ্যে ঢাকা ও চট্টগ্রামে দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে বেসরকারি ব্যাংকটি। এতে আদালতের কার্যক্রম, ব্যাংকিং আইন এবং ঋণ আদায়ের বিভিন্ন আইনি কৌশল সম্পর্কে কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

‘প্র্যাকটিক্যাল কোর্ট প্রসিডিংস অ্যান্ড রিলেটেড ব্যাংকিং লজ’ শীর্ষক এ কর্মশালায় খেলাপি ঋণসংক্রান্ত মামলা পরিচালনা এবং নিষ্পত্তির প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ব্যাংকটির সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান। ব্যাংকের লিগ্যাল অ্যান্ড রিকভারি ডিভিশলের উদ্যোগে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রধান কার্যালয় ও বিভিন্ন আঞ্চলিক কার্যালয়ের অর্ধশতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় বিষয়ভিত্তিক একজন আইন বিশেষজ্ঞ রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মশালায় অংশগ্রহণকারী কর্মকর্তাদের ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট আইন এবং আদালতের বাস্তব প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেওয়া হয়।

প্রশিক্ষণের আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল অর্থঋণ আদালত আইন, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, সংশ্লিষ্ট ব্যাংকিং আইন, আদালতের বাস্তব কার্যক্রম, লিটিগেশন ম্যানেজমেন্ট এবং খেলাপি ঋণ আদায়ে আইনি প্রতিকারের বিভিন্ন কৌশল। এসব বিষয়ে ব্যবহারিক জ্ঞান বাড়ানোর পাশাপাশি মামলা পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় আইনগত ও প্রক্রিয়াগত দিক তুলে ধরা হয়।

ঢাকার কর্মশালায় উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের চিফ লিগ্যাল অফিসার ব্যারিস্টার রশীদ আহমেদ এবং হেড অব লিটিগেশন ম্যানেজমেন্ট মুস্তাফিজুর রহমান। একই কর্মসূচির আওতায় চট্টগ্রামেও দিনব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করে ব্যাংকটি। সেখানে একজন অভিজ্ঞ আইন বিশেষজ্ঞ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেন।

ব্র্যাক ব্যাংক জানিয়েছে, ঋণ আদায় এবং বিচারিক কার্যক্রমের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের আইনগত ও প্রক্রিয়াগত সক্ষমতা বাড়ানোই এ কর্মশালার মূল লক্ষ্য। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে খেলাপি ঋণসংক্রান্ত মামলাগুলো আরও কার্যকরভাবে পরিচালনা এবং দ্রুত নিষ্পত্তির সুযোগ তৈরি হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

ব্যাংকটির মতে, আইনি প্রক্রিয়া সম্পর্কে কর্মকর্তাদের দক্ষতা বাড়লে ঋণ আদায়ের কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা সম্ভব হবে। পাশাপাশি সম্পদের গুণগত মান উন্নয়ন, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ এবং ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়বে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/24199 ,   Print Date & Time: Thursday, 26 November 2026, 12:13:11 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh