![]()
ইবি রিপোর্ট
জ্বালানি ব্যবহারে সাশ্রয়, কার্বন নিঃসরণ হ্রাস এবং পরিবেশবান্ধব শিল্প পরিচালনায় অসামান্য অর্জনের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের তৈরি পোশাক প্রতিষ্ঠান হ্যামস গার্মেন্টস লিমিটেড। জ্বালানি সাশ্রয়ে উল্লেখযোগ্য অবদানের জন্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরস্কার অর্জনের পাশাপাশি জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর মঞ্চে প্রতিষ্ঠানটি বিশ্বপর্যায়ে স্বীকৃতি পেয়েছে।
হ্যামস গ্রুপের প্রতিষ্ঠান হ্যামস গার্মেন্টস লিমিটেড অর্জন করেছে ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ফর এনার্জি সেভিংস ২০২৬’। সম্প্রতি তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ৩১-এ ‘রেনোভেটেড বিল্ডিং’ ক্যাটাগরিতে প্রতিষ্ঠানটিকে এ পুরস্কার দেওয়া হয়। জ্বালানি সাশ্রয় এবং পরিবেশবান্ধব শিল্পায়নে অবদানের ভিত্তিতে এই স্বীকৃতি প্রদান করা হয়েছে।
সম্মেলনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হ্যামস গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. সফিকুর রহমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার টেম্পলটন।
প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাজীপুরের শ্রীপুরে অবস্থিত হ্যামস গার্মেন্টসের কারখানাটি লিড (এলইইডি) প্লাটিনাম সনদ অর্জন করেছে। এই সনদের মূল্যায়নে মোট ১১০ পয়েন্টের মধ্যে কারখানাটির প্রাপ্তি ১০৮। জ্বালানি ব্যবহারে দক্ষ প্রযুক্তি প্রয়োগ, সৌরবিদ্যুৎ উৎপাদন, আধুনিক পরিচালন ব্যবস্থা এবং কর্মীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
এসব উদ্যোগের ফলে কারখানাটিতে প্রায় ৭৫ শতাংশ জ্বালানি সাশ্রয় করা সম্ভব হয়েছে। একই সঙ্গে পরিচালন পর্যায়ে কার্বন নিঃসরণের পরিমাণ কমেছে ৭৮ দশমিক ১ শতাংশ। উৎপাদন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে জ্বালানির ব্যবহার কমিয়ে আনা এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব হ্রাসে এসব পদক্ষেপ কার্যকর ভূমিকা রেখেছে।
জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত ১২ মাসে হ্যামস গার্মেন্টসের যাচাইকৃত জ্বালানি সাশ্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৪২০ মেগাওয়াট-ঘণ্টা। প্রতিষ্ঠানটির জ্বালানি ব্যবস্থাপনায় অর্জিত এই পরিসংখ্যান আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।
পুরস্কার অর্জনের প্রতিক্রিয়ায় হ্যামস গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. সফিকুর রহমান বলেন, ‘সবুজ ভবন নির্মাণ কোনো ব্যয়বহুল বিলাসিতা নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি অপরিহার্য বিনিয়োগ।’
তিনি আরও জানান, যথাযথ পরিকল্পনার ভিত্তিতে বিনিয়োগ এবং উপযুক্ত প্রযুক্তি ব্যবহার করা হলে একই সঙ্গে পরিবেশ সুরক্ষা ও পরিচালন ব্যয় হ্রাস করা সম্ভব। পাশাপাশি এ ধরনের উদ্যোগ আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করার সক্ষমতাও বাড়াতে পারে।
হ্যামস গার্মেন্টসের এই অর্জন জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি, সৌরবিদ্যুৎ উৎপাদন এবং পরিবেশবান্ধব কারখানা পরিচালনার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির নেওয়া উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।