![]()
ইবি রিপোর্ট
জ্বালানি সংকট, কাঁচামালের মূল্যবৃদ্ধি ও উৎপাদন ব্যয়ের চাপে দেশের শিল্পকারখানাগুলোতে কার্যক্রমের গতি কমে আসছে। এর প্রভাব পড়ছে কর্মসংস্থান ও বিনিয়োগে। নতুন কর্মী নিয়োগ কমানোর পাশাপাশি যন্ত্রপাতি কেনার ক্ষেত্রেও পিছিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) ও বাংলাদেশ চেম্বার অভ ইন্ডাস্ট্রিজের (বিসিআই) যৌথ জরিপে দেশের উৎপাদন খাতের এমন চিত্র উঠে এসেছে।
১৩০টি কারখানার ওপর পরিচালিত জরিপের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে মাঝারি ও বৃহৎ শিল্পের প্রকৃত উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় ০.৪ শতাংশ কমেছে। নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের অভাব, কাঁচামালের বাড়তি দাম এবং ব্যবসায়িক আস্থার সংকট উৎপাদনকারীদের কার্যক্রমে চাপ তৈরি করছে। এর ফলে নতুন যন্ত্রপাতিতে বিনিয়োগের আগ্রহও কমছে।
জরিপে ৯৩ শতাংশ কারখানা বিদ্যুৎ ও জ্বালানি সংকটকে ব্যবসার প্রধান তিনটি প্রতিবন্ধকতার একটি হিসেবে চিহ্নিত করেছে। প্রায় প্রতি পাঁচটি কারখানার মধ্যে চারটি প্রতিষ্ঠান এটিকে তাদের সবচেয়ে বড় সমস্যা বলে জানিয়েছে।
জরিপের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে ১৩০টি কারখানায় মোট কর্মী ছিলেন ১ লাখ ৩৫ হাজার ৭০০ জন। ২০২৫ সালের একই সময়ে এ সংখ্যা ছিল ১ লাখ ৩৭ হাজার ১০০। অর্থাৎ এক বছরে কর্মীর সংখ্যা কমেছে প্রায় ১ শতাংশ।
এক প্রান্তিকে কারখানাপ্রতি গড় নতুন নিয়োগ ৩৯ জন থেকে কমে ৩২ জনে দাঁড়িয়েছে। এ হিসাবে নিয়োগ কমেছে ১৯ শতাংশ। অন্যদিকে, চাকরি ছেড়ে যাওয়া কর্মীর সংখ্যাও প্রায় একই হারে কমেছে। অর্থাৎ কর্মীদের চাকরি ছাড়ার প্রবণতা বাড়ার পরিবর্তে প্রতিষ্ঠানগুলো নতুন নিয়োগ কমিয়ে দিয়েছে।
২০২৭ সালে কারখানাগুলো মোট ৭ হাজার ৬৯১ জন কর্মী নিয়োগের পরিকল্পনা করেছে। অথচ ২০২৫ সালে নিয়োগ দেওয়া হয়েছিল ১২ হাজার ৩৭৯ জনকে।
যন্ত্রপাতি কেনার ক্ষেত্রেও বড় ধরনের পতন দেখা গেছে। ২০২৫ সালের এপ্রিল-জুনে কারখানাপ্রতি গড়ে ১ কোটি ৭৬ লাখ টাকার যন্ত্রপাতি কেনা হলেও ২০২৬ সালের একই সময়ে তা নেমে এসেছে ১১ লাখ টাকায়। অর্থাৎ বিনিয়োগ কমেছে প্রায় ৯৪ শতাংশ। ওষুধ ও রাসায়নিক খাত ছাড়া প্রায় সব শিল্পেই এ প্রবণতা দেখা গেছে।
জরিপে দেখা গেছে, ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে কারখানাগুলোতে দৈনিক গড়ে ৪.১ ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাট হয়েছে, যা আগের বছরের দ্বিগুণ। পাইপলাইনের গ্যাস ব্যবহারকারী কারখানায় দৈনিক গ্যাস সরবরাহে বিঘ্ন ০.৯ ঘণ্টা থেকে বেড়ে ৩.২ ঘণ্টায় দাঁড়িয়েছে।
বিদ্যুৎ সরবরাহ নিয়ে সন্তুষ্ট কারখানার হার ৩৮ শতাংশ থেকে কমে ৭ শতাংশ হয়েছে। গ্যাস সরবরাহে সন্তুষ্টির হারও ৭০ শতাংশ থেকে নেমে ১৭ শতাংশে দাঁড়িয়েছে।
বিকল্প জ্বালানির ওপর নির্ভরতা বাড়ায় কারখানাপ্রতি গড় ত্রৈমাসিক জ্বালানি ব্যয় ৫ শতাংশ বেড়ে ৩ কোটি ৩২ লাখ টাকা হয়েছে। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসে ব্যয় বেড়েছে ২৫ শতাংশ, জেনারেটরের জ্বালানিতে ১৫ শতাংশ এবং বিদ্যুৎ বিলে ৮ শতাংশ।
এদিকে, ৯৪ শতাংশ কারখানা কাঁচামালের দাম বাড়ার কথা জানিয়েছে। কারখানাপ্রতি গড় ত্রৈমাসিক কাঁচামাল ব্যয় ২ শতাংশ বেড়ে ৮৭ কোটি ৬০ লাখ টাকায় পৌঁছেছে। এ ব্যয়ের তিন-চতুর্থাংশের বেশি আমদানি করা উপকরণে খরচ হয়।
শিল্প খাতগুলোর মধ্যে টেক্সটাইলের উৎপাদন সবচেয়ে বেশি, ২০ শতাংশ কমেছে। এ খাতে উৎপাদন সক্ষমতার ব্যবহার ৭৩ শতাংশ থেকে নেমে ৫৫ শতাংশ হয়েছে। খাদ্য প্রক্রিয়াকরণে উৎপাদন কমেছে ৯ শতাংশ এবং সিমেন্ট ও সিরামিকে ৬ শতাংশ।
অন্যদিকে, অটোমোবাইল উৎপাদন ২২ শতাংশ, পাট ১৩ শতাংশ এবং আসবাব খাতে ৮ শতাংশ বেড়েছে। তৈরি পোশাক উৎপাদনে প্রবৃদ্ধি হয়েছে ২ শতাংশ। সামগ্রিকভাবে কারখানাগুলোর গড় সক্ষমতার ব্যবহার ৬৭ শতাংশ থেকে কমে ৬৬ শতাংশে দাঁড়িয়েছে। সক্ষমতার অর্ধেকের কম ব্যবহার করছে এমন কারখানার সংখ্যা ১৯ থেকে বেড়ে ২৮ হয়েছে।
জরিপে ব্যবসা ও বিনিয়োগ পরিবেশের সূচক পাওয়া গেছে ৩৪ পয়েন্ট এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা সূচক ৩৬ পয়েন্ট। এ সূচকে ৫০ পয়েন্টকে অপরিবর্তিত অবস্থা হিসেবে বিবেচনা করা হয়। ফলে উৎপাদনকারীদের ইতিবাচক মূল্যায়নের তুলনায় নেতিবাচক মনোভাব বেশি।
এ ছাড়া ৬১ শতাংশ কারখানা জানিয়েছে, আগের তিন মাসের তুলনায় তাদের মুনাফা কমেছে। তবে জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে উৎপাদন পরিস্থিতির কিছুটা উন্নতির প্রত্যাশা করছেন তাঁরা। এ সময়ের প্রত্যাশিত উৎপাদন সূচক ৫৪ পয়েন্ট।
বিআইডিএস-বিসিআই জরিপের ফলাফলের সঙ্গে সরকারি উৎপাদন পরিসংখ্যানে পার্থক্য দেখা গেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বৃহৎ শিল্প উৎপাদন সূচকে ২০২৬ সালের এপ্রিল-জুনে আগের বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ প্রবৃদ্ধি দেখানো হয়েছে। বিপরীতে যৌথ জরিপে উৎপাদন আগের বছরের গড় ত্রৈমাসিক মাত্রার চেয়ে কিছুটা কম পাওয়া গেছে।
তবে ২০২৫ সালের এপ্রিল-জুনে দুটি ঈদের ছুটি থাকায় কারখানার কার্যক্রম ব্যাহত হয়েছিল। ফলে দুই সময়ের উৎপাদন তুলনার ক্ষেত্রে এ বিষয়টিও বিবেচনায় নেওয়ার কথা বলা হয়েছে।
গতকাল রাজধানীর আগারগাঁওয়ে বিআইডিএস মিলনায়তনে জরিপের ফলাফল উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির গবেষণা পরিচালক কাজী ইকবাল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।
বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) বলেন, জরিপের মাধ্যমে শিল্প উৎপাদন, উপকরণ ব্যয়, কর্মসংস্থান ও ব্যবসায়িক মনোভাব পর্যবেক্ষণে ত্রৈমাসিক সূচক তৈরি করা হবে। এ জন্য কয়েক দফায় তথ্য সংগ্রহের প্রয়োজন হবে।
তিনি বলেন, বাংলাদেশের মতো জনবহুল দেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির জন্য উৎপাদনশীল শিল্পের বিকল্প নেই। শুধু তৈরি পোশাক খাতের ওপর নির্ভর করে দীর্ঘমেয়াদে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব নয়। শিল্পের বহুমুখীকরণ, নতুন বিনিয়োগ, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং রপ্তানি পণ্যের বৈচিত্র্য বাড়ানোর আহ্বান জানান তিনি। বিশেষ করে এলডিসি থেকে উত্তরণের পর আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে দেশীয় শিল্পের সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেন বিসিআই সভাপতি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন, দেশবন্ধু সিমেন্ট মিলসের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন এবং বাংলাদেশ টেরি টাওয়েল অ্যান্ড লিনেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম শাহাদাত হোসেন সোহেল।