![]()
ইবি রিপোর্ট
দেশের প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে শুধু খাদ্য মন্ত্রণালয়ের উদ্যোগ যথেষ্ট নয়; কৃষি, বাণিজ্যসহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে। এ জন্য সমন্বিত পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।
তিনি বলেছেন, খাদ্য নিরাপদ না হলে মানুষের স্বাস্থ্য সুরক্ষিত থাকবে না। আর সুস্থ জনগোষ্ঠী ছাড়া ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি ও রাষ্ট্র পরিচালনার ধারাবাহিকতা টেকসই করা সম্ভব নয়।
মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকার ফার্মগেটে তুলা উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ পরীক্ষাগার সমিতি (এটিএলবি) আয়োজিত সেমিনারটির শিরোনাম ছিল ‘বাংলাদেশে উৎপাদিত পণ্য, আন্তর্জাতিক মানে পরীক্ষিত : রপ্তানি প্রবৃদ্ধিতে স্বীকৃত পরীক্ষাগারের ভূমিকা’।
খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রত্যেক নাগরিকের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দিয়েছেন। সরকারের পক্ষ থেকেও এ লক্ষ্য বাস্তবায়নে কাজ চলছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম ২০১৩ সালে শুরু হলেও বিভিন্ন সীমাবদ্ধতার কারণে মাঝখানে প্রতিষ্ঠানটির কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। বর্তমান সরকার প্রতিষ্ঠানটির সক্ষমতা ও কার্যকারিতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে রপ্তানির জন্য পণ্যের মান বজায় রাখার পাশাপাশি দেশের ভোক্তাদের জন্যও নিরাপদ ও মানসম্মত খাদ্য সরবরাহ নিশ্চিত করতে হবে। রপ্তানির ক্ষেত্রে উন্নত মানের পণ্য তৈরি করে দেশের অভ্যন্তরীণ বাজারে নিম্নমানের পণ্য বিক্রি করার সুযোগ নেই। বিশেষ করে শিশুদের খাদ্য নিরাপত্তার বিষয়ে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সততা, সচেতনতা এবং দায়িত্বশীলতার সঙ্গে ব্যবসা পরিচালনা করতে হবে।
ব্যবসা-বাণিজ্য ও পণ্য পরীক্ষার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা কমানোর ওপরও জোর দেন আফরোজা খানম। তাঁর মতে, ফাইল প্রক্রিয়াকরণ এবং সিদ্ধান্ত গ্রহণে অতিরিক্ত সময় লাগায় ব্যবসায়ীরা নানা সমস্যায় পড়েন। এসব প্রশাসনিক জটিলতা কমিয়ে সরকারি সেবা দ্রুত দেওয়ার বিষয়ে সরকার কাজ করছে।
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, প্রতিষ্ঠান ও অংশীজনদের নিয়ে আগামী পাঁচ বছরের একটি কর্মপরিকল্পনা তৈরির কথা জানান তিনি। এ পরিকল্পনায় কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত ও প্রস্তাব পর্যালোচনা করে দেশের স্বার্থে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে ঢাকা, খুলনা ও চট্টগ্রামে তিনটি পরীক্ষাগার স্থাপনের পরিকল্পনার কথাও জানান খাদ্যমন্ত্রী। এর মধ্যে ঢাকার পরীক্ষাগারটি আশুলিয়ায় এবং চট্টগ্রামেরটি হালিশহরে স্থাপনের পরিকল্পনা রয়েছে। আগামী তিন বছরের মধ্যে এসব পরীক্ষাগার পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হলে খাদ্য পরীক্ষায় অন্য প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা কমবে। একই সঙ্গে পরীক্ষার ফলাফলও দ্রুত পাওয়া যাবে।
তিনি আরও বলেন, বিদ্যমান পরীক্ষাগারগুলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি রপ্তানি বাজারের চাহিদা বিবেচনায় কীটনাশকের অবশিষ্টাংশ, রাসায়নিক উপাদান, ভারী ধাতু, ছত্রাকজাত বিষাক্ত উপাদান ও অণুজীব পরীক্ষার সক্ষমতা বাড়ানো প্রয়োজন।
সরকারি-বেসরকারি পরীক্ষাগার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং ভোক্তা অধিকার সংরক্ষণ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর আহ্বান জানান তিনি। একই পণ্য বিভিন্ন প্রতিষ্ঠানে বারবার পরীক্ষার কারণে ব্যবসায়ীদের সময় ও অর্থ অপচয় হয়। এ ধরনের পুনরাবৃত্তি কমিয়ে সমন্বিত সেবা চালুর বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে।
খাদ্যের মান নিয়ন্ত্রণে নৈতিকতা ও জবাবদিহির ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, অর্থের বিনিময়ে পরীক্ষার প্রতিবেদন পরিবর্তন কিংবা অনৈতিকভাবে সনদ দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভেজাল ও অনিয়ম প্রতিরোধে আইনের কার্যকর প্রয়োগ এবং অপরাধের জন্য কঠোর ও বাস্তবসম্মত শাস্তির ব্যবস্থা থাকতে হবে। ব্যবসায়ীদের নিজস্ব বিবেক, নৈতিকতা ও দায়িত্ববোধ থেকেই পণ্যের মান নিশ্চিত করতে হবে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক নোমান ফারুক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।