![]()
ইবি রিপোর্ট
ডিসেম্বর মাস ঘিরে সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নিয়মিত টহলের পাশাপাশি বাড়ানো হয়েছে সদস্যসংখ্যা। সিসি ক্যামেরা, ড্রোন, ওয়াচ টাওয়ার ও নাইটভিশন প্রযুক্তির মাধ্যমে সীমান্ত এলাকায় দিনরাত নজরদারি চালানো হচ্ছে। বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তাঁরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, নারী ও শিশু পাচারসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে বিজিবি নিয়মিত সতর্ক থাকে। তবে ডিসেম্বর মাসকে কেন্দ্র করে দেশে নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কা এবং সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের বেনাপোল সীমান্ত পরিদর্শনের পরিপ্রেক্ষিতে হিলি সীমান্তে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ হিলি সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত টহল পরিচালনা করা হচ্ছে। সিসি ক্যামেরা ও ওয়াচ টাওয়ারের সাহায্যে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেখানে ড্রোন ও সার্চলাইট ব্যবহার করে নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি সীমান্ত দিয়ে যাতায়াতকারী পাসপোর্টধারী যাত্রী এবং আমদানিপণ্যবাহী ট্রাক তল্লাশির পর দেশে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দা রায়হান হোসেন বলেন, বাইরে থেকে কোনো অপরিচিত ব্যক্তি এলাকায় এলে তাঁকে সম্পর্কে বিজিবিকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে। ভারত থেকে কেউ যাতে অবৈধভাবে দেশে প্রবেশ করতে না পারে, সে জন্য সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। আগে টহলে একজন করে বিজিবি সদস্য থাকলেও এখন কয়েকজনকে নিয়ে দল গঠন করে টহল দেওয়া হচ্ছে। সীমান্তের প্রতিটি পোস্টেও বিজিবি সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।
আরেক বাসিন্দা নূর ইসলাম বলেন, আগের তুলনায় সীমান্তে বিজিবির তৎপরতা বেড়েছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি মাদক ও অবৈধ পণ্য প্রবেশ বন্ধেও সদস্যরা সতর্ক রয়েছেন। টহল দলের সদস্যসংখ্যাও বাড়ানো হয়েছে। তাঁদের এই উদ্যোগে সীমান্ত এলাকার বাসিন্দারা উপকৃত হবেন বলে তিনি মনে করেন।
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী বলেন, ডিসেম্বর মাসকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় গুজব ছড়িয়েছে। বিজয়ের মাসে যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়, সে লক্ষ্যেই সীমান্তের সার্বিক নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
তিনি জানান, থার্মাল ইমেজার ও নাইটভিশন সুবিধাসম্পন্ন ড্রোন ব্যবস্থা সক্রিয় রয়েছে। এর মাধ্যমে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে দিন ও রাতে পর্যবেক্ষণের আধুনিক ব্যবস্থা উন্নত করা হয়েছে। স্থাপন করা হয়েছে নাইটভিশন ডিভাইস। এ ছাড়া সীমান্তের কয়েকটি স্পর্শকাতর স্থানে সার্চলাইট ও ফ্লাডলাইট বসানো হয়েছে।
যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় রিজার্ভ প্লাটুন প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি। আধুনিক সরঞ্জাম, থার্মাল ও নন-লেথাল ওয়েপন এবং ফায়ার কন্ট্রোল সরঞ্জাম নিয়ে প্লাটুনটি প্রস্তুত রয়েছে। পরিস্থিতি অনুযায়ী নিজেদের সক্ষমতা কাজে লাগিয়ে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সচেষ্ট রয়েছে বলে জানান ব্যাটালিয়ন অধিনায়ক।