• হোম > আন্তর্জাতিক > অ্যান্টার্কটিকার বরফের নিচে হিমালয়ের সমান প্রাচীন পর্বতমালার সন্ধান

অ্যান্টার্কটিকার বরফের নিচে হিমালয়ের সমান প্রাচীন পর্বতমালার সন্ধান

  • বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১৫:৪৮
  • ৭

---

ইবি আন্তর্জাতিক ডেস্ক 

দৃষ্টিসীমাজুড়ে বরফের বিস্তার, তুষারে ঢাকা পাহাড় আর হিমবাহের বিশাল সাম্রাজ্য—অ্যান্টার্কটিকার পরিচিত দৃশ্য এমনই। কিন্তু এই বরফের পুরু স্তরের নিচে লুকিয়ে রয়েছে হিমালয়ের সমান উঁচু এক প্রাচীন পর্বতমালা। সম্প্রতি অস্ট্রেলিয়া ও জার্মানির বিজ্ঞানীদের যৌথ গবেষণায় উঠে এসেছে কয়েকশ কোটি নয়, কয়েকশ মিলিয়ন বছর আগের এই ভূপ্রকৃতির অস্তিত্ব। গবেষকদের মতে, প্রায় ৬৫ কোটি থেকে ৪৫ কোটি বছর আগে পর্বতমালাটির সৃষ্টি হয়েছিল।

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি এবং জার্মানির জিএফজেড জিওসায়েন্স গবেষণাকেন্দ্রের বিজ্ঞানীরা যৌথভাবে এ গবেষণা পরিচালনা করেন। তাঁদের গবেষণাপত্র প্রকাশিত হয়েছে ‘আর্থ অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্স লেটার্স’ সাময়িকীতে।

গবেষকদের ব্যাখ্যা অনুযায়ী, ওই সময় অ্যান্টার্কটিকার সঙ্গে ভারত ও আফ্রিকার ভূখণ্ডের সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষের প্রক্রিয়ায় গড়ে ওঠে বিশাল মহাদেশ গন্ডোয়ানা। সেই ভূতাত্ত্বিক পরিবর্তনের অংশ হিসেবেই তৈরি হয়েছিল পর্বতমালাটি। বিজ্ঞানীদের মতে, অ্যান্টার্কটিকার ভূতাত্ত্বিক ইতিহাসে এটি পর্বত সৃষ্টির সবচেয়ে বড় ঘটনাগুলোর একটি। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক ইয়ান ক্যাম্পবেল বলেছেন, অ্যান্টার্কটিকার ইতিহাসে এর চেয়ে বড় পর্বত গঠনের ঘটনা আর ঘটেনি।

অ্যান্টার্কটিকার ৯৯ দশমিক ৫ শতাংশের বেশি এলাকা পুরু বরফে আবৃত। এ কারণে সরাসরি মাটি খনন করে কিংবা শিলাস্তর পরীক্ষা করে নিচের ভূপ্রকৃতি সম্পর্কে তথ্য সংগ্রহ করা কঠিন। তাই গবেষকেরা বিকল্প পদ্ধতি অনুসরণ করেন।

মহাদেশটির উপকূলসংলগ্ন সমুদ্রের তলদেশে খনন করে পলির স্তর থেকে ১ হাজার ৭১২টি জিরকন নামের ক্ষুদ্র খনিজ কণা সংগ্রহ করা হয়। এসব কণার মধ্যে সেগুলোর উৎসস্থল শিলার বয়স ও রাসায়নিক গঠন সম্পর্কে তথ্য সংরক্ষিত থাকে। খনিজ কণাগুলো বিশ্লেষণ করে বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকার প্রাচীন শিলাস্তর গঠনের সময় সম্পর্কে ধারণা পান। সেই তথ্যের ভিত্তিতেই বরফের নিচে থাকা প্রাচীন পর্বতমালার অস্তিত্ব সম্পর্কে প্রমাণ পাওয়া যায়।

গবেষকদের কাছে এই আবিষ্কারের তাৎপর্য কেবল প্রাচীন পর্বতমালার সন্ধান পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। তাঁদের ধারণা, পর্বতগুলোর সৃষ্টি এবং পরবর্তী ক্ষয়প্রক্রিয়া পৃথিবীতে প্রাণের বিকাশের উপযোগী পরিবেশ তৈরিতে ভূমিকা রেখেছিল।

বৃষ্টি, বাতাসসহ বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে দীর্ঘ সময় ধরে পর্বতগুলো ক্ষয় হতে থাকে। এ প্রক্রিয়ায় উৎপন্ন খনিজ ও পুষ্টিকর পদার্থ নদীর মাধ্যমে সমুদ্রে গিয়ে মেশে। একই সঙ্গে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কমাতেও পর্বত ক্ষয়ের ভূমিকা ছিল বলে ধারণা করছেন বিজ্ঞানীরা।

তাঁদের মতে, এসব পরিবেশগত পরিবর্তন আদিম প্রাণীর টিকে থাকা এবং বিকাশের জন্য অনুকূল পরিস্থিতি তৈরিতে সহায়তা করে থাকতে পারে।

প্রায় ৫৩ কোটি ৯০ লাখ বছর আগে পৃথিবীতে প্রথম শক্ত খোলসযুক্ত প্রাণীর আবির্ভাব ঘটে। এর কিছু সময় পর প্রাণীর সংখ্যা ও প্রজাতির বৈচিত্র্য দ্রুত বাড়তে শুরু করে। জীবজগতের ইতিহাসে এই পরিবর্তন ‘ক্যামব্রিয়ান বিস্ফোরণ’ নামে পরিচিত।

অধ্যাপক ইয়ান ক্যাম্পবেলের মতে, গন্ডোয়ানায় বিশাল পর্বতমালার সৃষ্টি ও ক্ষয়ের সময়ের সঙ্গে পৃথিবীতে প্রাণের এই বিবর্তনের সময়ের মিল রয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, দুটি ঘটনাকে নিছক কাকতালীয় বলে বিবেচনা করার যথেষ্ট কারণ নেই।

অ্যান্টার্কটিকার বরফের নিচে প্রাচীন পর্বতমালার সন্ধানই প্রথম এমন আবিষ্কার নয়। এর আগেও বিজ্ঞানীরা মহাদেশটির বরফের আড়ালে থাকা বিভিন্ন ভূপ্রকৃতি শনাক্ত করেছেন।

২০২৬ সালের জানুয়ারিতে ‘সায়েন্স’ সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণায় অ্যান্টার্কটিকার বরফের নিচে থাকা ভূভাগের নতুন মানচিত্র প্রকাশ করা হয়। নতুন গবেষণায় পাওয়া প্রাচীন পর্বতমালার তথ্যও বরফে ঢাকা এই মহাদেশের ভূতাত্ত্বিক অতীত সম্পর্কে বিজ্ঞানীদের অনুসন্ধানে নতুন মাত্রা যোগ করেছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/24163 ,   Print Date & Time: Wednesday, 25 November 2026, 10:10:16 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh