• হোম > জাতীয় | বাংলাদেশ > দুবাইয়ে চাকরি পাচ্ছেন আনসার-ভিডিপির ১০০ প্রশিক্ষিত সদস্য

দুবাইয়ে চাকরি পাচ্ছেন আনসার-ভিডিপির ১০০ প্রশিক্ষিত সদস্য

  • বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১৫:৩৯
  • ৫

---

ইবি রিপোর্ট

বৈদেশিক শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তির অংশগ্রহণ বাড়াতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এরই অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক ট্রান্সগার্ড গ্রুপ এলএলসিতে চাকরির জন্য ১৩৯ জন প্রশিক্ষিত সদস্যের মধ্য থেকে ১০০ জন কর্মী চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। স্বচ্ছ নিয়োগব্যবস্থা ও প্রশিক্ষিত জনশক্তি পাঠানোর মাধ্যমে সদস্যদের বিদেশে কর্মসংস্থানের পাশাপাশি নিরাপদ অভিবাসন নিশ্চিত করার লক্ষ্য নিয়েছে বাহিনী।

বুধবার (২৫ নভেম্বর) খিলগাঁওয়ে আনসার ও ভিডিপি সদর দপ্তরে এ বাছাই কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি চাকরিপ্রার্থী সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

বাংলাদেশ আনসার ও ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্টের সার্বিক তত্ত্বাবধানে এবং দুবাইয়ের ট্রান্সগার্ড গ্রুপ ও রিক্রুটিং এজেন্সি মেন ফোর্স বাংলাদেশের সমন্বয়ে এ নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি সংক্ষিপ্ত মৌখিক পরীক্ষা নেওয়া হবে। শাটারিং কার্পেন্টার, ম্যাসন (রাজমিস্ত্রি) ও স্টিল ফিক্সার—এই তিন ক্যাটাগরিতে কর্মী নির্বাচন করা হবে।

অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, অদক্ষ জনশক্তির পরিবর্তে প্রশিক্ষিত ও দক্ষ কর্মী বিদেশে পাঠানো বাহিনীর অন্যতম অগ্রাধিকার। ট্রান্সগার্ড গ্রুপের প্রায় ৫ হাজার কর্মীর চাহিদার বিপরীতে ৬০ দিনের নিবিড় প্রশিক্ষণ ও মূল্যায়নের মাধ্যমে প্রথম ধাপের কর্মী নির্বাচন করা হচ্ছে।

তিনি জানান, প্রান্তিক জনগোষ্ঠীকে দালালচক্রের প্রতারণা ও আর্থিক ক্ষতি থেকে রক্ষায় সরাসরি যোগাযোগ, ডিজিটাল ব্যবস্থাপনা এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহির ভিত্তিতে নিয়োগপ্রক্রিয়া পরিচালনা করা হচ্ছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশের বৈদেশিক মিশন এবং বিদেশি নিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে এ কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

এ উদ্যোগে প্রান্তিক শক্তি লিমিটেড, আনসার-ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্ট ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক সমন্বিতভাবে কাজ করছে। এর ফলে মধ্যস্বত্বভোগীদের হস্তক্ষেপ ছাড়াই নিরাপদ ও মর্যাদাপূর্ণ অভিবাসনের সুযোগ তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মহাপরিচালক আরও বলেন, বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কূটনৈতিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ জোরদার করা হয়েছে। ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত ও ইতালির রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

প্রবাসীদের রেমিট্যান্স পাঠানো, ঋণের কিস্তি পরিশোধ এবং জরুরি সমস্যার সমাধানে বাহিনীর মাইগ্রেশন সেল, ওয়েলফেয়ার ট্রাস্ট, প্রান্তিক শক্তি লিমিটেড ও উন্নয়ন ব্যাংকের সমন্বয়ে সেবা কাঠামো গড়ে তোলা হচ্ছে। ওয়েলফেয়ার ট্রাস্টের সফটওয়্যার এবং ‘ওয়ান সিঙ্গেল পয়েন্ট সার্ভিস’-এর মাধ্যমে নিবন্ধন থেকে বিদেশ গমন এবং প্রবাসে অবস্থানকালীন প্রয়োজনীয় সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দেশে থাকা প্রবাসীদের পরিবারের নিরাপত্তা ও কল্যাণে বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্যের নেটওয়ার্ক কাজে লাগানো হবে।

বিদেশগামী সদস্যদের উদ্দেশে মহাপরিচালক বলেন, বিদেশের কর্মক্ষেত্রে প্রত্যেক সদস্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং দেশের ভাবমূর্তি তুলে ধরবেন। তাই কর্মক্ষেত্রে শৃঙ্খলা, সততা ও দায়িত্বশীলতা বজায় রাখার পাশাপাশি নিয়োগকারী প্রতিষ্ঠানের সব শর্ত মেনে চলতে হবে। অনিয়ম বা শৃঙ্খলাভঙ্গের মাধ্যমে বাহিনীর সুনাম ক্ষুণ্ণ করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করা আরও প্রায় এক হাজার প্রশিক্ষিত সদস্য বিদেশে কর্মসংস্থানের অপেক্ষায় রয়েছেন। বর্তমানে নির্বাচিত সদস্যদের কর্মদক্ষতা ও সুনাম আন্তর্জাতিক শ্রমবাজারে পরবর্তী সদস্যদের জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে। এ ক্ষেত্রে নির্ধারিত কর্মস্থলে দায়িত্ব পালন, বৈধ পথে রেমিট্যান্স পাঠানো এবং নিয়ম মেনে দেশে ফেরার বিষয়েও তিনি গুরুত্ব দেন।

জাপান ও ইউরোপের শ্রমবাজারে সদস্যদের অংশগ্রহণ বাড়াতেও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মহাপরিচালক। জাপানের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরির পাশাপাশি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং ভাষা শিক্ষায় দক্ষ সদস্যদের জন্য স্টুডেন্ট ট্র্যাক চালুর পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে জাপানি বিশ্ববিদ্যালয় ও ল্যাঙ্গুয়েজ কলেজের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর এবং স্পন্সরশিপের উদ্যোগ নেওয়া হয়েছে। ইউরোপের শ্রমবাজারে গ্রহণযোগ্যতা বাড়াতে আন্তর্জাতিক মানদণ্ড, কমপ্লায়েন্স ও শৃঙ্খলাবদ্ধ ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপরও জোর দেওয়া হচ্ছে।

অন্যদিকে, পারিবারিক বা সামাজিক কারণে যারা বিদেশে যেতে পারবেন না, তাদের স্থানীয়ভাবে কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ‘সঞ্জীবন প্রকল্পের’ আওতায় খামার, বায়োগ্যাস ও একক পণ্যভিত্তিক উদ্যোগ সম্প্রসারণ করা হচ্ছে। এর মাধ্যমে আত্মকর্মসংস্থান, আর্থিক অন্তর্ভুক্তি এবং গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

বাহিনীর এ কর্মসূচির লক্ষ্য প্রশিক্ষণ, কর্মসংস্থান, প্রাতিষ্ঠানিক সুরক্ষা ও আর্থিক সেবার সমন্বয়ে সদস্যদের স্বাবলম্বী করে তোলা। একই সঙ্গে নিরাপদ অভিবাসন ও বৈধ রেমিট্যান্স প্রবাহের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে তাদের অবদানের সুযোগ বাড়ানো।

অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, চাকরিপ্রার্থী সদস্য এবং তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/24158 ,   Print Date & Time: Wednesday, 25 November 2026, 09:58:15 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh