• হোম > জাতীয় | বাংলাদেশ > সিঙ্গাপুরে নারী কেবিন ক্রুকে যৌন হয়রানি, বাংলাদেশির কারাদণ্ড

সিঙ্গাপুরে নারী কেবিন ক্রুকে যৌন হয়রানি, বাংলাদেশির কারাদণ্ড

  • বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১৫:২২
  • ৭

---

ইবি রিপোর্ট

সিঙ্গাপুর এয়ারলাইনসের উড়োজাহাজে নারী কেবিন ক্রুকে যৌন হয়রানি এবং পরবর্তী সময়ে দায়িত্ব পালনরত এক পুলিশ কর্মকর্তার দিকে থুতু ছোড়ার ঘটনায় চার মাসের কারাদণ্ড পেয়েছেন এক বাংলাদেশি। দুটি অভিযোগই আদালতে স্বীকার করার পর খন্দকার মো. ইয়ামিন (২৩) নামের ওই ব্যক্তিকে এ সাজা দেওয়া হয়।

দ্য স্ট্রেইটস টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার সিঙ্গাপুরের আদালত ইয়ামিনের বিরুদ্ধে যৌন হয়রানি এবং সরকারি দায়িত্ব পালনরত কর্মকর্তার ওপর অপরাধমূলক বলপ্রয়োগের অভিযোগে সাজা ঘোষণা করেন।

প্রথম ঘটনাটি ঘটে গত ১১ সেপ্টেম্বর সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি উড়োজাহাজে। ওই ফ্লাইটের যাত্রী ছিলেন ইয়ামিন। ভ্রমণের সময় তিনি এক নারী কেবিন ক্রুকে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেন।

আদালতের শুনানিতে জানানো হয়, ঘটনার আগে ইয়ামিন তিন গ্লাস ওয়াইন পান করেছিলেন। নেশাগ্রস্ত অবস্থায় ভোর ৪টার দিকে তিনি ২৬ বছর বয়সী ওই নারী কেবিন ক্রুর নিতম্বে হাত দেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ক্লারা লো আদালতকে জানান, কয়েক সেকেন্ড ধরে এ ঘটনা ঘটে। এতে কেবিন ক্রু ভয় পেয়ে যান এবং ক্ষুব্ধ হন। তিনি সঙ্গে সঙ্গে ইয়ামিনকে এমন আচরণ থেকে বিরত থাকতে বলেন। তবে তার প্রতিবাদের জবাবে ইয়ামিন কোনো কথা না বলে শুধু হাসেন।

পরবর্তী সময়ে ওই কেবিন ক্রু তার এক সহকর্মীকে বিষয়টি জানান। সহকর্মীও যাত্রীর আচরণের প্রতিবাদ করেন। এরপর কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। সেদিন সকালে উড়োজাহাজটি সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে অবতরণ করলে ইয়ামিনকে গ্রেফতার করা হয়। পরে ব্যক্তিগত মুচলেকায় তিনি মুক্তি পান।

তবে এর কয়েক সপ্তাহ পর আবারও পুলিশের সঙ্গে অপ্রীতিকর ঘটনায় জড়িয়ে পড়েন তিনি। গত ৭ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে জালান বেরসেহ এলাকায় তাকে রাস্তার পাশে বসে কাঁদতে এবং অসংলগ্নভাবে চিৎকার করতে দেখা যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানো পুলিশ সদস্যরা তাকে নেশাগ্রস্ত অবস্থায় দেখতে পান। এ সময় তার নাক দিয়ে রক্ত ঝরছিল। পরে প্যারামেডিকরা তার রক্তচাপ মাপার চেষ্টা করলে তিনি সহযোগিতা করেননি। বরং মাটিতে শুয়ে ছটফট করতে থাকেন। এরপর তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ক্যান্টনমেন্ট কমপ্লেক্সে নেওয়ার পরও ইয়ামিনের আক্রমণাত্মক আচরণ অব্যাহত থাকে। সেখানে তিনি এক পুলিশ কর্মকর্তার কাছে সিগারেট চান। কিন্তু তাকে সিগারেট দেওয়া হয়নি। একপর্যায়ে এক পুলিশ কর্মকর্তা তার পা চেপে ধরে রাখলে ইয়ামিন ওই কর্মকর্তার দিকে থুতু ছুড়ে মারেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে নতুন করে অভিযোগ আনা হয়। পরে উড়োজাহাজে যৌন হয়রানির মামলার সঙ্গে পুলিশ কর্মকর্তার ওপর হামলার অভিযোগেরও বিচার করা হয়।

আদালতে উভয় অভিযোগ স্বীকার করেন খন্দকার মো. ইয়ামিন। এরপর আদালত তাকে দুই মাস এবং আট সপ্তাহের কারাদণ্ড দেন। সব মিলিয়ে তার কারাদণ্ডের মেয়াদ প্রায় চার মাস।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/24152 ,   Print Date & Time: Wednesday, 25 November 2026, 09:42:15 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh