• হোম > জাতীয় | বাংলাদেশ > রাজনৈতিক প্রভাব ও প্রশাসনের যোগসাজশে আবাসন খাতে মাফিয়াতন্ত্র: টিআইবি

রাজনৈতিক প্রভাব ও প্রশাসনের যোগসাজশে আবাসন খাতে মাফিয়াতন্ত্র: টিআইবি

  • বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১৪:০০
  • ২৫

---

ইবি রিপোর্ট

রাজনৈতিক প্রভাব, মধ্যস্বত্বভোগী এবং প্রশাসনের একাংশের যোগসাজশে বেসরকারি আবাসন খাতে মাফিয়াতন্ত্র গড়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তাঁর মতে, প্রভাবশালী এসব গোষ্ঠী শুধু ব্যবসায়িক কার্যক্রম নিয়ন্ত্রণেই সীমাবদ্ধ নেই, নীতিনির্ধারণী কাঠামোতেও প্রভাব বিস্তার করছে। এর ফলে খাতটিতে দুর্নীতি, অনিয়ম, জবরদখল ও প্রতারণা বাড়ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ জমি ও প্লটের ক্রেতারা।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবি আয়োজিত ‘ঢাকা শহরে বেসরকারি আবাসন খাতে ভূমি উন্নয়নে সুশাসনের চ্যালেঞ্জ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ড. ইফতেখারুজ্জামান বলেন, নাগরিকদের আবাসন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব হলেও ক্রমবর্ধমান চাহিদা পূরণে রাষ্ট্র এককভাবে সক্ষম হয়নি। ফলে তৈরি হওয়া ঘাটতি পূরণে বেসরকারি উদ্যোক্তারা এগিয়ে এসেছেন। অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে এ খাতের অবদান রয়েছে।

তবে টিআইবির গবেষণায় আবাসন খাতে সুশাসনের ছয়টি নির্দেশকেই ব্যাপক ঘাটতি পাওয়া গেছে। এগুলো হলো আইনের শাসন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও কার্যকারিতা, স্বচ্ছতা, অংশগ্রহণ ও অংশীজনদের সম্পৃক্ততা, জবাবদিহি এবং দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ। কিছু প্রতিষ্ঠান আইএসও বা লিড সনদপ্রাপ্ত হওয়ার দাবি করলেও সামগ্রিকভাবে আইনের প্রয়োগ, তথ্য প্রকাশ, স্বচ্ছতা ও জবাবদিহির ঘাটতি রয়েছে। তবে এসব সমস্যা সব প্রতিষ্ঠানে সমানভাবে নেই বলেও উল্লেখ করেন তিনি।

রিয়েল এস্টেট খাত নিয়ন্ত্রণে আইন থাকলেও সেগুলোর মধ্যে দুর্বলতা রয়েছে এবং বিদ্যমান আইনও যথাযথভাবে প্রয়োগ হচ্ছে না বলে জানান টিআইবির নির্বাহী পরিচালক। তাঁর ভাষ্য, আইনের সীমাবদ্ধতা ও প্রয়োগের ঘাটতির সুযোগে কিছু আবাসন প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ ও জবাবদিহি ছাড়াই ব্যবসা পরিচালনা করছে। নিয়ন্ত্রণকারী সংস্থা, প্রশাসনের একাংশ এবং ইউটিলিটি কর্তৃপক্ষের মধ্যেও স্বচ্ছতা, সক্ষমতা ও সদিচ্ছার অভাব রয়েছে। কোথাও কোথাও সংশ্লিষ্ট পক্ষগুলোর যোগসাজশে অনিয়ম ও প্রতারণা ঘটছে।

অপরাধ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, অপরাধ নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা ব্যক্তিরা এসব ঘটনা সম্পর্কে অবগত নন, বিষয়টি এমন নয়; বরং অপরাধ দমনে তাঁদের আগ্রহের ঘাটতি রয়েছে। কারণ, এসব অপরাধে জড়িতদের পেছনে রাজনৈতিক শক্তি, আমলাতন্ত্রের একাংশ এবং ব্যবসায়ী গোষ্ঠীর একটি অংশের প্রভাব রয়েছে।

প্রকল্পের স্থান নির্বাচন, জমি নির্ধারণ ও ক্রয়, জমি দখল, প্রকল্পের অনুমোদন, বাস্তবায়ন এবং প্লট হস্তান্তর—পুরো প্রক্রিয়ায় পদ্ধতিগত দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত পাওয়া গেছে বলেও জানান ড. ইফতেখারুজ্জামান। তাঁর মতে, অনেক ক্ষেত্রে এসব অনিয়ম প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে এবং স্বাভাবিক চর্চায় পরিণত হয়েছে। এতে সাধারণ ক্রেতারা আবাসন প্রতিষ্ঠানের কাছে জিম্মি হয়ে পড়ছেন। পাশাপাশি জমির মালিক ও প্লট কিনতে আগ্রহীদের অধিকারও ক্ষুণ্ন হচ্ছে।

রাজউকের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, বেসরকারি আবাসন খাতে সংস্থাটির সেবা কার্যক্রমেও যোগসাজশ ও অনিয়মের দৃষ্টান্ত রয়েছে। রাজউকের নিজস্ব সুশাসন ও জবাবদিহির ঘাটতির সুযোগে কিছু আবাসন প্রতিষ্ঠান এবং সংস্থাটির অসাধু কর্মকর্তারা লাভবান হচ্ছেন। ড্যাপ সংশোধনের ক্ষেত্রেও প্রভাবশালী গোষ্ঠীর ভূমিকা এবং রাজউকের নতি স্বীকারের দৃষ্টান্ত রয়েছে।

আবাসন খাতের অনিয়মের কারণে ঢাকার পরিকল্পিত নগরায়ণ, পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের প্রত্যাশা ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারকে নেতৃত্ব দিয়ে একটি রোডম্যাপ তৈরির আহ্বান জানান। একই সঙ্গে সংশ্লিষ্ট অংশীজনদের সম্পৃক্ত করা, নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেন।

টিআইবির গবেষণায় আবাসন খাতের প্রায় সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো না কোনো ধরনের অনিয়মের দৃষ্টান্ত বা অভিযোগ থাকার কথা উল্লেখ করা হয়েছে। তবে প্রতিষ্ঠানভেদে অনিয়মের মাত্রা আলাদা। কোন প্রতিষ্ঠান দুর্নীতিগ্রস্ত আর কোনটি স্বচ্ছভাবে ব্যবসা করছে, এমন তালিকা প্রকাশ করা কঠিন বলে জানান তিনি।

সুশাসন নিশ্চিত করতে রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন এবং সংশ্লিষ্ট বিধিমালা সংশোধনের সুপারিশ করেছে টিআইবি। পাশাপাশি রিহ্যাব, রাজউক, সিটি করপোরেশন, জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও ভূমি মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব দিয়েছে সংস্থাটি। সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, গবেষক অতনু দাসসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/24142 ,   Print Date & Time: Thursday, 26 November 2026, 02:15:28 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh