• হোম > জাতীয় | বাংলাদেশ > এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

  • বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১৩:৩৩
  • ৪২

---

ইবি রিপোর্ট

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের পরও দেশটির পণ্যের জন্য শুল্কমুক্ত ও কোটামুক্ত বাজার সুবিধা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে অস্ট্রেলিয়া। পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানো, রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত হয়েছে দুই দেশ।

গত ২৩ নভেম্বর অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক অ্যারেঞ্জমেন্টের (টিফা) আওতায় পঞ্চম যৌথ ওয়ার্কিং গ্রুপের (জেডব্লিউজি) বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী। অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন দেশটির পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগের (ডিএফএটি) অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রুস সোয়ার।

বৈঠকে দুই দেশের বিদ্যমান বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি অর্থনৈতিক সম্পর্কের নতুন সম্ভাবনাময় ক্ষেত্র নিয়ে আলোচনা করা হয়। পণ্য ও সেবা বাণিজ্য, কৃষিপণ্যের বাজারে প্রবেশাধিকার, বাণিজ্য প্রক্রিয়া সহজ করা, বিনিয়োগ বৃদ্ধি, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি, সরাসরি বিমান যোগাযোগ এবং বেসরকারি খাতের অংশীদারত্ব সম্প্রসারণের বিষয়গুলো আলোচনায় স্থান পায়।

অস্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়াতে বিভিন্ন শিল্প খাতের উৎপাদন সক্ষমতা ও সম্ভাবনা তুলে ধরে বাংলাদেশ। এর মধ্যে রয়েছে তৈরি পোশাক ও বস্ত্র, পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, ওষুধ, প্লাস্টিক, হালকা প্রকৌশল, স্বাস্থ্যসেবা প্রযুক্তি এবং তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা।

এসব খাতের বিষয়ে অস্ট্রেলিয়ার ব্যবসায়ী ও আমদানিকারকদের অবহিত করার পাশাপাশি দুই দেশের উদ্যোক্তাদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

কৃষিপণ্য বাণিজ্যের ক্ষেত্রেও কয়েকটি বিষয় বিশেষ গুরুত্ব পায়। অস্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশের তাজা আম রপ্তানির অনুমোদন এবং বাংলাদেশে অস্ট্রেলিয়ার হিমায়িত গরুর মাংস রপ্তানির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের পক্ষ থেকে আম রপ্তানির অনুমোদনের জন্য চলমান কারিগরি মূল্যায়ন দ্রুত সম্পন্ন করার অনুরোধ জানানো হয়। একই সঙ্গে দুই দেশের সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।

আঞ্চলিক বাণিজ্যে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানোর বিষয়টিও বৈঠকে উঠে আসে। এ লক্ষ্যে রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসিইপি) বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাওয়া হয়েছে।

বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগ বাড়াতে নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো উন্নয়ন, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, উৎপাদনশিল্প ও তথ্যপ্রযুক্তি খাতের সম্ভাবনা তুলে ধরা হয়। এসব খাতে বিনিয়োগের সুযোগ-সুবিধার পাশাপাশি সরকারের দেওয়া বিভিন্ন বিনিয়োগ প্রণোদনার বিষয়েও অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের অবহিত করা হয়।

দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক আরও বিস্তৃত করতে প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার, পণ্যভিত্তিক বাণিজ্য ও সোর্সিং সেমিনার আয়োজন এবং ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের প্রস্তাব নিয়েও আলোচনা হয়। পাশাপাশি উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি বাণিজ্যিক যোগাযোগ প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সুসংহত করার লক্ষ্যে ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক অ্যারেঞ্জমেন্ট (টিফা) স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় অনুষ্ঠিত পঞ্চম যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণ ও বহুমুখী করার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করেছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/24132 ,   Print Date & Time: Friday, 27 November 2026, 03:11:44 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh