![]()
ইবি রিপোর্ট
শিশুদের উন্নত চিকিৎসাসেবা রাজধানীর বাইরে ছড়িয়ে দিতে চলতি বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে একযোগে চালু হচ্ছে দেশের পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল। খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগ এবং কুমিল্লা জেলায় নির্মিত ২০০ শয্যার এসব হাসপাতালে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘদিন ধরে অবকাঠামো প্রস্তুত থাকলেও জনবল ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাবে হাসপাতালগুলোর কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।
হাসপাতাল পাঁচটি চালু হলে ঢাকার বাইরে শিশুদের বিশেষায়িত চিকিৎসা পাওয়ার সুযোগ বাড়বে। পাশাপাশি গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য রাজধানীর হাসপাতালগুলোর ওপর নির্ভরশীলতা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এসব হাসপাতালের কার্যক্রম পরিচালনার জন্য মোট ১ হাজার ৪৪০টি পদ সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে উপপরিচালক পাঁচটি, সহকারী পরিচালক পাঁচটি, সিনিয়র কনসালটেন্ট ১০০টি, জুনিয়র কনসালটেন্ট ২০০টি এবং আবাসিক চিকিৎসকের ১০টি পদ রয়েছে। এ ছাড়া আবাসিক সার্জন ১৫টি, আবাসিক মেডিকেল অফিসার পাঁচটি, মেডিকেল অফিসার ৩২৫টি, সহকারী ডেন্টাল সার্জন ১০টি, ইমার্জেন্সি মেডিকেল অফিসার ২০টি এবং অ্যানেসথেশিয়া বিভাগের ২০টি পদ রাখা হয়েছে।
হাসপাতালগুলোর কার্যক্রম দ্রুত শুরু করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ইতোমধ্যে প্রশাসনিক প্রস্তুতিও এগিয়ে নিয়েছে। মঙ্গলবার স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে পাঁচটি প্রতিষ্ঠানে উপপরিচালক পদে কর্মকর্তা পদায়ন করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, রাজশাহী শিশু হাসপাতালের উপপরিচালক হয়েছেন ডা. মো. বেলাল হোসেন, বরিশাল শিশু হাসপাতালে ডা. মো. মজিবর রহমান, রংপুর শিশু হাসপাতালে ডা. মো. মোস্তফা জামান, কুমিল্লা শিশু হাসপাতালে ডা. মো. জহিরুল ইসলাম এবং খুলনা শিশু হাসপাতালে ডা. শওকত আলী। পদায়ন করা কর্মকর্তাদের আগামী ২৯ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিটি হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ), কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ভবিষ্যতে সম্প্রসারণের সুবিধা রাখা হয়েছে। পাশাপাশি থাকবে বড় পরিসরের আইসিইউ ইউনিট। ভবিষ্যতে শয্যাসংখ্যা বাড়ানো ও চিকিৎসাসেবার পরিধি সম্প্রসারণের বিষয়টি বিবেচনায় রেখেই অবকাঠামো নির্মাণ করা হয়েছে। হাসপাতালগুলোর আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম কেনার দরপত্র প্রক্রিয়াও ইতোমধ্যে শেষ হয়েছে।
এর আগে চলতি বছরের ১০ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ছয় বিভাগে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা ছয়টি শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দেন। একই সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাসপাতালগুলো সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন জমা দিতে বলেন। এরপর থেকেই হাসপাতালগুলোর কার্যক্রম শুরুর প্রস্তুতি জোরদার করা হয়।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার গত ৩১ অক্টোবর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, চলতি বছরের শেষ দিকে প্রধানমন্ত্রী পাঁচটি শিশু হাসপাতাল একযোগে উদ্বোধন করবেন। এ জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগের পদ সৃষ্টির কাজ শেষ হয়েছে। চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র কেনার প্রক্রিয়াও শেষ পর্যায়ে রয়েছে। ঢাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী হাসপাতালগুলোর উদ্বোধন ঘোষণা করবেন বলেও জানান তিনি।
এদিকে হাসপাতালগুলো চালুর জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামও পৌঁছে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে নিউনেটাল ভেন্টিলেটর, সিটি স্ক্যান, এক্স-রে মেশিন, পোর্টেবল এক্স-রে, মাল্টি প্যারামিটার বা কার্ডিয়াক মনিটর এবং ফটোথেরাপি মেশিন। এসব সরঞ্জাম ২০০ শয্যার শিশু হাসপাতালগুলোর চিকিৎসাসেবা পরিচালনায় ব্যবহার করা হবে।